
সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ বছর বয়সী মোবাশ্বিরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৭ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশু মোবাশ্বিরা সিলেট সদর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৫ জনে রয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৮৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪১, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, নর্থ ইস্ট মেডিক্যালে তিনজন, পার্কভিউ মেডিক্যালে ২৫, সিলেট উইমেন্স মেডিক্যালে তিনজন, কোম্পানীগঞ্জে দু’জন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে আটজন, গোলাপগঞ্জে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫, ধর্মপাশায় দু’জন, বাহুবলে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭৭ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৭ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








