ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি অভিযান, গ্রেফতার, মামলা, মো: আকতার হোসেন, ইয়াবা, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪০টি মামলা হয়েছে। বিভাগভিত্তিক গ্রেফতারে শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ।

Advertisement

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগ থেকে ৯০ জন, মতিঝিল বিভাগ থেকে ৮২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৫ জন, লালবাগ বিভাগ থেকে ৫৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৭ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন, রমনা বিভাগ থেকে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরাধে সম্পৃক্ততার অভিযোগে একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। একই অভিযানে অপহৃত বা আটক থাকা একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যথাযথ ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।