
রাজশাহী ব্যুরো
রাজশাহীর প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভোগছিলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। সোমবার বাদ আসর রাজশাহীর শাহ মখদুম দরগা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেতেমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়।
সাইদুর রহমান দীর্ঘদিন ধরে রাজশাহীর সাংবাদিকতায় যুক্ত ছিলেন। আশির দশকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ভোরের কাগজে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পেশাজীবী অঙ্গনেও তার পরিচিতি ছিল। তিনি দীর্ঘ সময় রাজশাহী প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। অবিবাহিত সাইদুর রহমান সাত ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ ছিলেন। তার জন্ম রাজশাহী নগরের পাঠানপাড়ায়।
সাইদুর রহমান ছিলেন সাবেক গভর্নর ও আইনজীবী আতাউর রহমান এবং ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ছেলে। তার নানা ছিলেন রাজশাহীর প্রখ্যাত আইনজীবী ও শিক্ষানুরাগী মাদার বখ্শ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় আরইউজের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ মরহুম সাইদুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তারা মরহুম সাইদুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।








