চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি

 চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Advertisement

সিরাজগঞ্জের চৌহালীর জনতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম-উত্তর সংলগ্ন যমুনা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গতকাল দুপুরে আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা ও গাছপালাসহ প্রায় ৩৫ মিটার এলাকা। ঝুঁকিতে তীরবর্তী বাড়িঘর ও স্কুল ভবন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা জানান, কিছু দিন আগেও জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কে কে পশ্চিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি টিনশেড ভবন নদীতে তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জিও ব্যাগ ডাম্পিং করলেও নদীর গভীরতা বেশি হওয়ায় সেগুলোও ভেসে গেছে। ফলে নতুন করে ভাঙন শুরু হয়েছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি। 
এ দিকে ভাঙন আতঙ্কে দিন পার করছেন আশপাশের বাসিন্দারা। অনেকে তাদের ঘরবাড়ি ও মূল্যবান আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান শাকিল জানান, বিষয়টি দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। জিও ব্যাগ ডাম্পিংসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।