
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে তার বাসায় গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন জি এম কাদের।
তিনি বলেন, ‘মিছিল নিয়ে এসে হামলাকারীরা তার বাসার সামনে হইচই শুরু করে এবং তাকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে বাড়ির সামনের জানালাসহ বেশ কয়েকটি জায়গার কাচ ভেঙে যায়। পরে পুলিশ ও অন্য লোকজন এলে মিছিলকারীরা চলে যায়।’
জি এম কাদের বলেন, ‘কেন হঠাৎ এ হামলা হয়েছে, তা তিনি জানেন না। হামলাকারীরা তাকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘হামলাটি কারা ঘটিয়েছে বা কারা এর সাথে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। তবে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








