
তিন ইনিংসে তিন ডাক। অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্ন যেন পিছুই ছাড়ছিল না লিটন দাসের। আর শেষ পাঁচ আন্তর্জাতিক ইনিংসে ডাক মারেন চারটিতেই, অন্যটিতে বল করেন মাত্র ২ রান। সেই লিটনই এবার ব্যাট হাতে ফিরলেন নিজের চেনা ছন্দে, সেঞ্চুরি করে।
তার দুর্দান্ত প্রত্যাবর্তনের দিনে আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পাওয়ার পর এবার ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসেও লিটনের ব্যাটে ছিল আগ্রাসনের ছাপ। সোমবার চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশকে বড় লিডের পথে টেনে নেন তিনি ও মেহেদী হাসান মিরাজ।
সপ্তম উইকেটে দু’জনের ১৫৯ রানের জুটি বদলে দেয় ম্যাচের চিত্র। লিটন ওয়ানডে মেজাজে ৬১ বলে তুলে নেন ফিফটি। এরপর আরো আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যান সেঞ্চুরির দিকে। ১১৫ বলে তিন অঙ্ক ছোঁয়ার পর যেন শেষটা দ্রুতই চলে আসে।
পরের ওভারেই সেলিমের বাউন্সারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে থামেন তিনি। ততক্ষণে অবশ্য নিজের কাজটা করে ফেলেছেন লিটন। ১১৭ বলে ১০২ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারে।
দীর্ঘ রানখরা, টানা ব্যর্থতা আর তিনটি ডাকের পর এই সেঞ্চুরিই যেন তার ফিরে আসার সবচেয়ে জোরালো উত্তর। লিটন আউট হতেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মিরাজ অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করার পর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে গুটিয়ে দেয়। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের ৩৭২ রান যোগ করায় মোট লিড দাঁড়ায় ৪৭৮। এখন জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ৪৭৯ রান। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য দ্রুত আফগানদের ১০ উইকেট তুলে নেয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








