ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরো ৬ জনের
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে : নয়া দিগন্ত।

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরে ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪  জন, খুলনা বিভাগে ২৭১ জন, রংপুর বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ২১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।  স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন। তাদের মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজার ৩৫৪ জন। এ ছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ১৯০ জন। ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি চট্টগ্রামে, তারপর খুলনা এবং ঢাকা বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।
সিলেটে আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুও
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর সংক্রমণ চলতি সেপ্টেম্বর মাসে নতুন গতি পেয়েছে। আগস্টের শেষে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৯০ জন। তবে চলতি মাসের প্রথম ২১ দিনেই শনাক্ত হয়েছেন ১৪৪ জন। একই সময়ে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জনে, আর মৃত্যু হয়েছে তিনজনের।
স্বাস্থ্য বিভাগ সিলেটের তথ্য বলছে, বছরের প্রথম ৭ মাসে সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১০৫ জনের। এরপর আগস্টেই আক্রান্ত হন ৮৫ জন। যা সেপ্টেম্বরে আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে এই বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্তে এগিয়ে হবিগঞ্জ : স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৩৯ জন, সুনামগঞ্জে ৭৬, সিলেটে ৭১ এবং মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।