
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
গতকাল ইতালির রোমে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে’এরামোর (প্রতিমন্ত্রী) মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরা কৃষক কার্ডের আওতায় আসবেন এবং কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: সাইফুল ইসলাম, ইকনমিক কাউন্সিলর মো: আল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।







