জাবি শিক্ষকের কাছে ফোনে চাঁদা দাবি

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো: আতাউর রহমানের কাছে ফোন করে চাঁদা দাবি এবং না দিলে সন্তানকে অপহরণের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে জাবির রসায়ন বিভাগের শিক্ষক মো: আতাউর রহমান কর্মস্থলে ছিলেন। এ সময় তার মোবাইলে ফোনে অচেনা একটি নম্বর থেকে কল আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ নামে পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
জিডিতে ভুক্তভোগী শিক্ষক উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়েছে। যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাকে হয়রানি এবং পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই বি এম মেহেদী হাসান বলেন, থানায় একটি জিডি করা হয়েছে। আমরা দ্রুত এটা নিয়ে কাজ শুরু করব।