বন্দরে লোকালয়ে কুমির আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

Advertisement

নারায়ণগঞ্জে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের দেখা পাওয়া গেছে। গত শনিবার রাতে স্থানীয় একাধিক বাসিন্দা প্রথমে কুমিরটি দেখতে পান। পরে রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার বিকেল পর্যন্ত কুমিরটি উদ্ধারে অভিযান চলেছে।
কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা গেলেও পরে পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য। রোববার  দিনভর ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দল পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করেও সফল হয়নি। সোমবার আবারো উদ্ধারের চেষ্টা চালানো শুরু করেন। 
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার সাংবাদিকদের  বলেন, গত শনিবার রাতে তিনগাঁও এলাকায় কুমিরটি প্রথম দেখা যায়। পরদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। কুমিরটি উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে লোকালয়ে চলাফেরা করতে দেখা যায়। কয়েকজন সেটির পেছনে ধাওয়া করছিল।
বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম  বলেন, গতকাল বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও চেষ্টা করে। তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি।
কুমির দেখতে উৎসুক মানুষ যাতে ভিড় না করেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পুকুরে না নামতে, পুকুরের পাড়ে না যেতে এবং শিশু ও গবাদিপশুকে দূরে রাখতে বলা হয়েছে। কুমির দেখা গেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও না করা এবং সেটিকে ধরতে, তাড়াতে বা আঘাত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।