
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!
চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদারের জন্য বলা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।
এর আগে আজ রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
চলতি (নভেম্বর) মাসে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে এসব ঘটনার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। গত ৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ১০১টি যানবাহনে আগুন এবং ১০০টি ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ২৯ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবরও প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা এলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









