
চট্টগ্রাম মহানগরীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলীর সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুছের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএমপি কমিশনারের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, সাবেক কাউন্সিলর শফিউল আলম, কোতোয়ালি থানার সেক্রেটারি মোস্তাক আহমদ প্রমুখ।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এ সময় আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনের বিষয়েও সিএমপি কমিশনারের সাথে আলোচনা করেন তারা। মাহফিলের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব ও দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো— রাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও আবাসিক এলাকায় পুলিশের টহল জোরদার করা; ছিনতাই ও চাঁদাবাজির ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা; ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা; থানায় অভিযোগ করতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি না করে দ্রুত ও আন্তরিকতার সাথে পুলিশি সেবা নিশ্চিত করা এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় সভার ব্যবস্থা করা।
সিএমপি কমিশনার প্রতিনিধিদলের বক্তব্য ও প্রস্তাবগুলো মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









