
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত থাকাকালে প্রতিদিন সকালে আমার অফিসের ডেস্কে ১১টি জাতীয় দৈনিক পত্রিকা আসত। বাসায় রাখতাম আরো তিনটি এবং নাশতার টেবিলে সেগুলোর পেছনে অন্তত ৪০ মিনিট সময় ব্যয় করতাম- সাথে থাকত দুই কাপ চা, বিস্কুট অথবা যেদিন খাদ্যাভ্যাসে একটু বেশি সংযমী থাকতাম, সেদিন এক বাটি ফল।
এসব পত্রিকার মধ্যে একটি নাম (বাইলাইন) অন্য যেকোনো নামের চেয়ে অনেক বেশি চোখে পড়ত : দ্য টাইমস অব ইন্ডিয়ার আহসান তাসনিম। পত্রিকাটির প্রথম পাতায়, দ্বিতীয় পাতায়- যেখানে গুরুত্বপূর্ণ আঞ্চলিক খবরগুলো ঠাসাঠাসি করে ছাপা হতো, পেছনের পাতায় এবং আন্তর্জাতিক সংবাদ বিভাগে সর্বত্রই তার উপস্থিতি ছিল। দুই বছরে তিনবার সরকার বদলেছে, কূটনৈতিক মেজাজ-মর্জি উত্তপ্ত হয়েছে, কিন্তু আহসান তাসনিম ছিলেন এক আশ্বস্তিদায়ক ধ্রুবক।
শুধু একটি বিষয়ই আমি কখনো নিশ্চিত হতে পারিনি, তিনি আসলে কে।
প্রচারসংখ্যার দিক থেকে দ্য টাইমস অব ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম ইংরেজি দৈনিক। ২০১৬ সালে কলাম্বিয়া জার্নালিজম রিভিউ-এর লক্ষ্মী চৌধুরী যখন ভারতের উদীয়মান ডিজিটাল গণমাধ্যম সম্পর্কে টাইমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিনীত জৈনের কাছে জানতে চেয়েছিলেন, তখন তিনি একজন ধনী চাচা যেভাবে তার ভাতিজাদের ছোটখাটো ব্যবসার উদ্যোগের দিকে তাকান, ঠিক সেই স্নেহশীল ভঙ্গিতে মার্জিত উত্তর দিয়েছিলেন। লক্ষ্মী তার সেই করপোরেট ভাষার একটি সংক্ষিপ্ত অনুবাদ দাঁড় করিয়েছিলেন এভাবে... ‘ওরা এতই ছোট যে, ধর্তব্যের মধ্যে পড়ে না।’
দৈত্যাকার (গোলিয়াথ-সদৃশ) কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান সম্ভবত মাঝেমধ্যে এমন করপোরেট উন্নাসিকতা দেখানোর বিলাসিতা করতেই পারে। কিন্তু বিশ্বের বৃহত্তম ইংরেজি দৈনিকের প্রথম পাতায় খবর জোগান দেয়া এক সংবাদদাতা আদতে একটি ‘কাল্পনিক চরিত্র’ হতে পারেন- এমন আশঙ্কা সেই আভিজাত্যের জৌলুসকে অনেকটাই ম্লান করে দেয়।
নাম ছাপা হওয়া মানুষটির খোঁজে
ভারতে কর্মরত থাকাকালে তাসনিমের সাথে একটি সাক্ষাতের ব্যবস্থা করার জন্য আমি পত্রিকাটির দিল্লি ও মুম্বাই অফিসে যোগাযোগ করেছিলাম। কিন্তু কখনোই তা সম্ভব হয়নি। দিল্লিতে কর্মরত সাংবাদিকদের কাছে তার কথা জিজ্ঞাসা করেছিলাম। তাদের বেশিভাগই তার নাম শোনেননি। একজন ধারণা দিয়েছিলেন যে, তার কিছু খবরের ডেটলাইন (সংবাদ পাঠানোর স্থান) ঢাকা হওয়ায় তিনি সম্ভবত বাংলাদেশে অবস্থান করছেন।
এই ব্যাখ্যার সমস্যা হলো, ঢাকাতেও তিনি সমানভাবেই অধরা।
গত রোববার বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যম বাংলা স্ট্রিম তাসনিমের পেশাগত পরিচয় নিয়ে স্টিভ সালগ্রা রেমার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছিল, আমিও তাদের একজন। একজন দক্ষ প্রতিবেদক যা করেন, রেমা ঠিক তা-ই করেছেন। তিনি টেলিফোন তুলে নিয়েছেন, সাংবাদিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেছেন, প্রকাশিত নথিপত্র ঘেঁটেছেন এবং স্বয়ং পত্রিকাটির দ্বারস্থ হয়েছেন।
অনুসন্ধান শেষে তার হাতে এসেছে ১৪৪টি নাম (বাইলাইন), কিন্তু শনাক্ত করার মতো কোনো সাংবাদিকের সন্ধান মেলেনি।
তাসনিমের লেখক পরিচিতিতে (অথর প্রোফাইল) কোনো ছবি, পেশাগত জীবনবৃত্তান্ত, চাকরির ইতিহাস বা যোগাযোগের কোনো তথ্য নেই। ফেসবুক, লিংকডইন এবং এক্স-এ (সাবেক টুইটার) খুঁজেও তার সাথে নির্ভরযোগ্যভাবে যুক্ত করা যায় এমন কোনো অ্যাকাউন্ট পাওয়া যায়নি। ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’-এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান স্ট্রিম-কে বলেছেন, ‘এই নামে কেউ নেই।’
‘বাংলাদেশী জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক স্যাম জাহানও একইভাবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এই নামের কোনো সাংবাদিককে আমি চিনি না।’
‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’ কিংবা ‘ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’—কেউই তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
আমি যখন ফেসবুকে এ অনুসন্ধানী প্রতিবেদনটি শেয়ার করি, তখন ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদক রবিউল আলম মন্তব্য করেন, তিনিও তাসনিমকে খুঁজে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
ঢাকায় কর্মরত বিদেশী সংবাদদাতাদের পরিমণ্ডলটি তুলনামূলকভাবে বেশ ছোট। আমরা একে অপরকে চিনি, মাঝেমধ্যে একই সংবাদসূত্রের (সোর্স) জন্য প্রতিযোগিতা করি এবং একই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে প্রচুর সময় ব্যয় করি। এই মানুষগুলোর কারো কাছে পরিচিত না হয়ে টানা দুই বছর দ্য টাইমস অব ইন্ডিয়ার জন্য লিখে যাওয়া পেশাগত অদৃশ্যতার এক বিস্ময়কর কৃতিত্বই বটে।
অবশ্য এর কোনোটিই প্রমাণ করে না যে তাসনিম কাল্পনিক। হতে পারে তিনি একজন বাস্তব সাংবাদিক যিনি ছদ্মনামে লিখছেন। এর পেছনে নিরাপত্তাজনিত কোনো যৌক্তিক কারণও থাকতে পারে। এমনকি তার স্বভাবও অস্বাভাবিক রকমের নিভৃতচারী হতে পারে।
কিন্তু পরিচয় গোপন রাখার সুবিধা সাধারণত একজন প্রতিবেদকের সংবাদসূত্রকে (সোর্স) দেয়া হয়, এটি প্রতিবেদকের নিজের স্থায়ী অবস্থা হতে পারে না, বিশেষ করে যখন পত্রিকাটি তাকে সুস্পষ্টভাবে তাদের ঢাকা সংবাদদাতা হিসেবে পরিচয় করিয়ে দেয়।
সংবাদদাতা ও তার দেশ
তাসনিম যদি পুষ্প প্রদর্শনী বা ঢাকার রেস্তোরাঁ জগতের খবর পরিবেশন করতেন, তবে এ প্রশ্নটি কেবল সাংবাদিকসুলভ কৌতূহলের বিষয় হয়েই থাকত। কিন্তু তিনি তা করেন না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সাথে এর সম্পর্ক বিষয়ক সবচেয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল কিছু প্রতিবেদনে তার নাম দেখা গেছে।
শিরোনামগুলোর দিকে তাকানো যাক।
২০২৪ সালের ৮ অক্টোবর তিনি যৌথভাবে একটি প্রতিবেদন লেখেন, যার শিরোনাম ছিল ‘নিরাপত্তা উদ্বেগের মধ্যে দুর্গাপূজা বাতিলের কথা ভাবছেন বাংলাদেশের হিন্দুরা’। প্রতিবেদনে উল্লিখিত সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের বেশিভাগই ছিল খুলনার দাকোপের মন্দিরে হুমকির ঘটনা নিয়ে, যা বাংলাদেশের দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদনের ওপর ভিত্তি করে লেখা। খুলনা থেকে শিরোনামে পৌঁছানোর মাঝপথে একটি স্থানীয় নিরাপত্তা উদ্বেগ জাতীয় রূপ পরিগ্রহ করল।
২০২৪ সালের ১৮ নভেম্বর সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুহাম্মদ ইউনূসের মন্তব্যের ওপর লেখা এক প্রতিবেদনে তাসনিম ‘দায় এড়ানোর চেষ্টা করেছেন’ অভিব্যক্তিটি ব্যবহার করেন। এটি মূলত ঘটনার বিবরণের ছদ্মবেশে উদ্দেশ্যের এক ধরনের ব্যাখ্যা, যা মতামত পাতায়ই বেশি মানানসই।
এরপর এ বছরের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয় ‘সংখ্যালঘুদের ওপর হামলার কথা অস্বীকার করেই চলেছে বাংলাদেশ’। পাঠক সরকারের বক্তব্য পড়ার আগেই শিরোনামটি কার্যত সেই বক্তব্যের যৌক্তিকতা সম্পর্কে একটি পূর্বনির্ধারিত রায় দিয়ে দেয়।
এসব বলার অর্থ এই নয় যে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা কাল্পনিক, কিংবা ভারতীয় সংবাদপত্রগুলোর এ বিষয়ে প্রতিবেদন করা থেকে বিরত থাকা উচিত। আবার তাসনিমের সব প্রতিবেদনই যে নেতিবাচক ছিল, তা-ও নয়। দুর্গাপূজায় জোরদার নিরাপত্তাব্যবস্থা এবং হিন্দু উপাসনালয়ে তারেক রহমানের পরিদর্শনের খবরও তার প্রতিবেদনে উঠে এসেছে।
উদ্বেগের জায়গাটি সংবাদের বিষয়বস্তুর অস্বস্তি নিয়ে নয়, বরং সম্পাদকীয় কাঠামোবদ্ধকরণ বা উপস্থাপনের ধরন (এডিটোরিয়াল ফ্রেমিং) নিয়ে। এর সবচেয়ে শিক্ষণীয় উদাহরণটি দেখা যায় ২৩ নভেম্বর, যখন তাসনিম ‘নতুন চুক্তির দাবি থেকে সরে এসে গঙ্গা চুক্তি নবায়ন চায় ঢাকা’ শিরোনামে একটি প্রতিবেদন পাঠান।
শিরোনামটি একটি কূটনৈতিক ছাড়ের ঘোষণা দিচ্ছিল। শুরুর বাক্যটিতে কেবল তেমন একটি ইঙ্গিত দেয়া হয়েছিল। প্রতিবেদনের বাকি অংশে বাংলাদেশ যে তার দাবি ত্যাগ করেছে, এমন কোনো সুস্পষ্ট নিশ্চয়তা দেয়া হয়নি। প্রকৃতপক্ষে, ওই প্রতিবেদনেই বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমীরের যে উদ্ধৃতি দেয়া হয়েছে, সেখানে তিনি এমন কোনো কথাই বলেননি।
বাংলা স্ট্রিম-এর এক বিশ্লেষণে দেখা গেছে, ১৯ নভেম্বরের যৌথ কারিগরি কমিটির বিবৃতি কিংবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পূর্ববর্তী প্রকাশ্য অবস্থান- কোনোটিই ওই সিদ্ধান্তকে সমর্থন করে না।
দৃশ্যত, একটি সংবাদ প্রতিবেদনের মূল অংশ এবং এর শিরোনামের মাঝখানেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন ঘটে যেতে পারে।
পরে এ দাবিটি দৈনিক জাগরণ, নিউজবাইটস, নর্থইস্ট নাউ এবং আরো বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ দ্য টাইমস অব ইন্ডিয়া’র উদ্ধৃতি দিয়েছে, আবার কেউ কেউ সূত্রের ব্যাপারে ততটা স্পষ্ট ছিল না। পরদিন সকালের মধ্যে এমনকি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশ নতি স্বীকার করেছে বলে মনে হচ্ছে।
এমন ব্যবস্থার সৌন্দর্য হলো, পুনরাবৃত্তি খুব দ্রুতই সত্যতা নিশ্চিতকরণের রূপ ধারণ করে। একটি সংবাদপত্র অনেক সংবাদপত্রে পরিণত হয়, যদিও তার পেছনে বহু সংবাদসূত্র থাকে না।
বাংলা স্ট্রিম এ বিষয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া’র অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ইন্দ্রজিৎ রায়, ব্যবস্থাপনা সম্পাদক রোহিত শরণ এবং তাসনিমের সাথে যৌথ নামে কাজ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছিল। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত তাদের কেউই কোনো উত্তর দেননি।
পত্রিকাটি একটি সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমেই এই প্রশ্নের মীমাংসা করতে পারত। আহসান তাসনিম কি একজন নিজস্ব প্রতিবেদক, ফ্রিল্যান্সার, ছদ্মনাম নাকি কোনো যৌথ বাইলাইন? তিনি কি আদৌ ঢাকায় অবস্থান করেন? তিনি যদি ছদ্মনামে লিখে থাকেন, তবে পত্রিকাটি কি তার পরিচয় নিশ্চিত করেছে এবং তার পরিবেশিত তথ্য যাচাই করেছে?
পরিচয় প্রকাশিত হলে যে সংবাদদাতার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাকে সুরক্ষা দেয়ার অধিকার একটি সংবাদপত্রের অবশ্যই রয়েছে। কিন্তু এর ফলে পত্রিকাটি তার সম্পাদকীয় ব্যবস্থাপনা ব্যাখ্যা করার বা ওই সংবাদদাতার নামে প্রকাশিত সংবাদের দায়ভার নেয়ার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় না।
১০ বছর আগে বিনীত জৈন ভারতের নতুন ডিজিটাল গণমাধ্যমের ব্যাপ্তি দেখে স্পষ্টতই বিস্মিত হননি। আজ বাংলাদেশের তুলনামূলকভাবে ছোট একটি ডিজিটাল সংবাদমাধ্যম তার পত্রিকাকে এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, যার উত্তর দেয়ার সক্ষমতা এর বিশাল সম্পাদকীয় প্রতিষ্ঠানের থাকা উচিত।
আহসান তাসনিম কে?
যে সংবাদপত্র লাখ লাখ মানুষের কাছে তথ্য বিক্রি করে, তাদের জন্য এই একটি তথ্য সরবরাহ করা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।
লেখক : ফয়সাল মাহমুদ
সূত্র : ওয়াদা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









