২০২৭ সালে ব্যাংকে ৩১ দিন ছুটি, ২ ঈদে কয়দিন?
২০২৭ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি থাকবে। প্রতীকী ছবি
ads

আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল আজহায় টানা ছয় দিন এবং ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি পাবেন ব্যাংকাররা। এ ছাড়া বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও ব্যাংক হলিডে উপলক্ষে ছুটি থাকবে।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!

এসডিএডি সার্কুলার লেটার নং-২৫-এর মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে ছুটির তালিকা পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি শবে বরাতের ছুটি দিয়ে ব্যাংকের ছুটি শুরু হবে। এরপর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদরের ছুটি থাকবে।

ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে।

মে মাসে শ্রমিক দিবসের ছুটি থাকবে ১ মে। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই মাসের ২০ মে বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। এ ছাড়া ১৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছুটি থাকবে।

আগস্টে ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) ও ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে। দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।

নভেম্বরের ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হবে।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটিগুলো পরিবর্তিত হতে পারে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।