
আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাথে বিএনপির ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েই দলটি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।’
আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এ ষড়যন্ত্রে দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও যুক্ত রয়েছে। তাই এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারো প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম।
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।’
এর আগে সমাবেশ শুরুর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশস্থলে গিয়ে যোগ দেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









