
পাশাপাশি দুটো শব্দ। অর্থ মনে হবে একই; কিন্তু ভাব ও ভাবনায় আছে পার্থক্য বা ফারাক। যেমন ফারাক সমাজে, সংসারে, দেশ-বিদেশে রাজনৈতিক অর্থনীতির চিন্তা-চেতনার মধ্যে। সবখানে রীতিমতো দড়ি টানাটানির মতো অবস্থা। বয়ানে ও বিশ্বাসে, সাহস ও সক্ষমতায় স্ববিরোধিতা যেমন আছে, আবার ঐক্যতানের ক্ষীণ রেখা উঁকিও দিচ্ছে। ইতি (বাচকতা) ও নেতি (বাচকতা) রা একসাথে থাকতে চাচ্ছে না, পারছে না, অথচ এ দুটোই দরকার টেকসই কিছু করতে হলে। শুধু ইতিবাচক হলে নেতিবাচক আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং হাঙ্গামা বাধাতে থাকবে। আবার নেতিবাচক বেশি পাত্তা পেয়ে বা বলবান হলে ইতিবাচকের অস্তিত্ব বা টিকে থাকাই দায় হয়ে দাঁড়ায়। খোলা আকাশ কি এত ভালো লাগত যদি কিছু কিছু মেঘ না-ই থাকত। কথা হচ্ছে— কতটা মেঘ খোলা আকাশের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে? মেঘ বেশি হলে আকাশের সর্দি হবে, বড় ধরনের ব্যামো বাঁধাবে, আবার খোলা আকাশ বেশি দিন খোলা থাকলে তাপমাত্রায় তারতম্য ঘটিয়ে ধরিত্রীকে বৃক্ষপল্লবহীন মরুভূমি করে দিতে পারে। কয়েক মাস আগে নেপালে হিমালয়ে হঠাৎ করে বেশি বরফ গলে অকাল বন্যায় ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ি পথ, জনপদ। সবখানে ভারসাম্য, তাপ তারতম্য সীমার মধ্যে থাকা না থাকার মধ্যে পরিবেশ চিরজীবী না হোক দীর্ঘজীবী বা লাগসই বা টেকসই হওয়ার আকাঙ্ক্ষা বলবান হচ্ছে।
জলবায়ুর পরিবর্তন বা উষ্ণতা বাড়ছে বলে ধরিত্রীর অবস্থা নাজুক তথা দুর্যোগপ্রবণতা বেগতিক হয়ে পড়ছে। কপ-৩ সম্মেলন ডেকে মিলাদ পড়িয়ে, দান খয়রাত বাড়িয়ে ধরিত্রীর মাথা ঠাণ্ডা রাখতে হচ্ছে। সবাই নাতিশীতোষ্ণতার সন্ধানে। এই সন্ধান কপ-৩ সম্মেলনের কার্যবিবরণীতে যেভাবেই লেখাজোখা থাকুক না কেন, গ্যাস নিঃসরণ চলছে তো চলছে, বৃক্ষনিধন কিংবা অগ্নিকাণ্ডে সবুজ বৃক্ষ অঙ্গার হয়ে যাচ্ছে। সবুজ পৃথিবী কাতর অসহায় অবস্থায় এখন যেন গাইছে— ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আগুন আরো জ্বালো... ঢালো আরো ব্যথা ঢালো।’ কাতর স্বরে সে বলছে— ‘আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি’ ইত্যাদি। মানবিকতা, মানবতা, গণতন্ত্র, সুশাসন, ন্যায় ও নৈতিকতার বয়ান হোয়াইট হাউজও যা প্রিটোরিয়াতেও তাই, মোগাদিসু, কিয়েটো, সিউল ও বেইজিংয়েও তাই। বয়ান ও বিশ্বাস, বিশ্বাস ও বাস্তবতার মধ্যে দড়ি টানাটানির ভূরাজনৈতিক খেলা না চললে মানবতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সংহতি একান্নবর্তী পরিবারের আনন্দ ও নির্ভরতা মাঠে মারা যাওয়ার জোগাড় হতো না।
আশা করতে দোষ নেই। কিন্তু প্রত্যাশার সাথে দায়িত্ববোধের ব্যাপার চলে আসে। সীমার মাঝে অসীম থাকে; কিন্তু পরিসীমা নির্ধারিত অবয়ব নির্দেশ করে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। কিন্তু সরকার একা সে প্রত্যাশা পূরণ করতে পারে না— যদি না জনগণ যার যার দায়িত্ব পালনে এগিয়ে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব পালনে পূরণ হবে, এমন আশা বাস্তবসম্মত হয় না। চোর তো চুরি করবে; কিন্তু গৃহস্থকে সজাগ থাকতে হবে, সনাতন এই যুক্তি কিন্তু গৃহস্থের ওপর দায়িত্ব আরোপ করে। এখন চোর তার চৌর্যবৃত্তির প্রৎকর্ষতা অর্জনে মেধা, শ্রম এবং তার আগে চুরি করা অর্থ পুনঃবিনিয়োগ করতে পারে। ধরে নেয়া যাক, এটি তার পেশা ও স্বভাবগত দায়িত্ব ও কর্তব্য। কিন্তু গেরস্থের সজাগ থাকা তার স্বেচ্ছাধীন দায়িত্ব হলেও পরিপার্শ্ব অর্থাৎ পরিবেশের সহায়তা তার লাগবেই। গেটে বড় বড় তালা ঝুলিয়ে দিলেও, সিসিটিভিতে চোরের গতিবিধি রেকর্ড করা গেলেও, বাড়িতে দারোয়ান যদি চোরকে বাধা দেয়ার বা আটকানোর এবং আটকানোর পর থানায় সোপর্দ, সোপর্দের পর বিচারের ব্যবস্থা যদি না নেয়ার থাকে, তাহলে গৃহস্থের সজাগ থাকার কোনো কাজে আসে না। অতএব আশা করে একজন কিন্তু প্রত্যাশা পূরণের দায়িত্ব অনেকের, সীমা অবারিত কিন্তু পরিসীমা সুনির্দিষ্টকরণ। যেমন— ‘আমি নদীর দু’কূল হয়ে তোমাকে বাঁধিয়া রাখি’। সীমানা পেরুতে হলে পরিসীমা সুনির্দিষ্ট থাকা চাই।
আশা আর প্রত্যাশা সীমা ও পরিসীমার সুনির্দিষ্ট নিশানা না থাকায় ইরান ইসরাইল যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামছে না বা থামানো যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন এখনো বলছে— তারা ইরান জয়ের উৎসব করতে যাচ্ছে, আবার বলছে— জনগণের কষ্টের কথা ভেবে তারা তেহরানে আক্রমণ করবে না। বিচ্যুতির অবকাশ নাকচ করে দিয়ে যেকোনো যৌথ সংসারে কিংবা কায়কারবারে সবার সুচিন্তিত মতামত প্রকাশের সুযোগ, কর্তব্যপালনে দৃঢ়চিত্ত মনোভাব পোষণ, উদ্দেশ্য অর্জন তথা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোয় ঐকান্তিক প্রয়াসে সমর্পিতচিত্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস জরুরি বিবেচনা করতে হচ্ছে গোটা বিশ্বে। সবাই বড় আশায় বুক বেঁধেছে এটা দেখে যে, গত ১৯ নভেম্বর ভøাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং একসাথে বসেছেন এবং বিশ্বশান্তির ফর্মুলা ও ফ্রেমওয়ার্কের সন্ধানে সম্মত হয়েছেন। তিন প্রেসিডেন্ট অ্যাপেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি তাদের ইতিহাসের প্রথম মুখোমুখি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক করেছেন। তিন নেতা প্রায় ৯০ মিনিট বৈঠক করেন এবং একমত হওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন রাষ্ট্রপ্রধানদের ঘোষণা প্রকাশ করেন। ঘোষণাপত্রের উল্লেখযোগ্য দিক হলো— পারমাণবিক ঝুঁকি : নেতারা পুনর্ব্যক্ত করেছেন যে, ‘পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং তা কখনোই করা উচিত নয়।’ তারা পারমাণবিক ঝুঁকি কমাতে এবং অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছেন। জ্বালানি সরবরাহ : তারা পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি এবং বিশ্বব্যাপী জ্বালানিপ্রবাহ স্থিতিশীল রাখার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক সংস্থা : ঘোষণাপত্রে এই তিন দেশ জাতিসঙ্ঘের সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং বলেছে যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো সংস্থাগুলোকে রাষ্ট্রের সম্মতি, সরকারি দায়মুক্তি এবং এখতিয়ারের সীমাবদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আঞ্চলিক সঙ্ঘাত : যৌথ ঘোষণাপত্রে ইউক্রেন যুদ্ধ বা ইরান-সংশ্লিষ্ট সঙ্ঘাতের কথা উল্লেখ না থাকলেও, নেতারা পৃথক বক্তব্য ও দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক সঙ্কট ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তিন নেতার বৈঠকে সভাপতিত্ব করেন চীনা প্রেসিডেন্ট, তিনি এই যৌথ ঘোষণাকে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রধান দেশগুলোর মধ্যে শান্তি বজায় থাকলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে সমর্থন জোগায়।
অনেক পরে এবং কষ্ট করে হলেও ওপেক মিটিংয়ের সাইড লাইনে পুতিন শি জিনপিং ও ট্রাম্প সাহেবের এই মিটিং দেখে বিশ্বে শান্তিপ্রত্যাশী মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা ব্যারোমিটারে ২৫ ডিগ্রিতে নেমে গেছে। ইসরাইলে নেতানিয়াহু ক্ষমতায় থাকুক আর না থাকুক, নেতানিয়াহু সরকারের উত্তরাধিকারী সরকারও জোরেশোরে ইরান আক্রমণ করবে, এমন খবরে তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলার করে বেড়েছে। অর্থাৎ বয়ানে গুজবে হুঙ্কার আর আস্ফালনেই শুধু বিশ্বশান্তি কেন, এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পর্যায়ে শঙ্কা ও আশঙ্কা বেড়েই চলেছে।
সম্ভব-অসম্ভব বলে যে কথা আছে সেদিকে কেউ তাকানোর ফুরসত পাচ্ছে না। তারা এখন আশা প্রত্যাশাকে ওলট-পালট করে দিচ্ছে। যদি দিয়ে যদির ভয়ে সদ্য আইসিইউ ফেরত অর্থনীতির আশায় থাকা দেশ জনগণ ও সরকার দারুণ ঝামেলা পাহাড় সমান সমস্যার মোকাবেলার পথে পড়বে। সত্য-মিথ্যা আর সম্ভব-অসম্ভব এখানে-সেখানে পাছড়া-পাছড়ি করে যার যার সুনাম ও সুখ্যাতিকে জলাঞ্জলি দিতে বসেছে।
অবৈধ যদি বৈধ হওয়ার সুযোগ পায় তাহলে সেই বৈধকে হঠাতে তার যেমন সময় লাগবে না, এ ধরনের মিথ তৈরি হলে আগে সমস্যার সমূহ সম্ভাবনা। এমন হতে পারত আগে অনুশোচনা, তারপর তৃণমূল পর্যায় থেকে সংগঠিত হয়ে ক্ষেত্র তৈরি হতো। অনেক দেশে এমন হতে ২১ বা ১৭ বছর লেগেছে। এখন তর সইছে না। দেশের জনগণের মাথার ও মনের ওপর চাপ বেড়েই চলেছে। ইতিহাস রচনা, পাঠ ও পুনরাবৃত্তির জন্য সময় কমে যায় যেকোনো আত্মভোলা জাতির জন্য। এসব দেখতে দেখতে নওগাঁর নরহরিপুরের সত্তরোর্ধ্ব বৃদ্ধ বশির মিঞার চক্ষু চড়কগাছে উঠি উঠি করছে। বশির মিয়ার হার্টের অসুখ ছিল না, এখন ডায়বেটিসের বদৌলতে তার চোখ, কান, হার্ট, কিডনি— সবাই আগাম নোটিশ দিতে শুরু করছে। তার দরিদ্র দেশ হঠাৎ করে বড়লোক হওয়ার খায়েশে গ্র্যাজুয়েশন চাচ্ছে; কিন্তু তার প্রস্তুতির খবর নেই। অর্থনীতির ভঙ্গুরতা দূর, মানবসম্পদের উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতির সহনশীলতা বাড়ানোর চেষ্টা চলছে। তার দেশের প্রত্যাশা বড়লোকের কাতারে নাম লেখাবে।
এ সবের জন্য আর্থিক খাতের সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, মানবসম্পদ উন্নয়ন ও বেসরকারি খাতের সম্প্রসারণ বা বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যায়ক্রমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি হয়ে দাঁড়িয়েছে।
আর্থিক খাতে সংস্কারের ক্ষেত্রে ব্যাংকিং খাতের সংস্কার জরুরি। এ খাতে সর্বত্র সুশাসনের সমস্যা, অপারেশনাল ও অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা ও দক্ষতার অভাব এবং উচ্চ খেলাপি ঋণ রয়েছে। উচ্চ তো দূরের কথা, মধ্যম আয়ের অর্থনীতির দেশে উন্নীত হতে গেলে আর্থিক খাতে শক্তিশালী ও টেকসই সংস্কার প্রয়োজন। আর্থিক খাতের সঙ্কট কাটাতে বেসরকারি খাতের ব্যাপক ভূমিকা বিবেচনায় নিতে হবে। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে শক্তিশালী, স্বচ্ছ আর্থিক অবকাঠামো হিসেবে ব্যাংক ও পুঁজিবাজারকে সুসংগঠিত করতে হবে।
লেখক : সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









