
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি ট্রাকের পথরোধ করে চালকদের ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈবসার) লুটের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জৈবসারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে অভিযান চালিয়ে মজল হক (৩০) ও মো: শাকিলকে (২৪) গ্রেফতার করা হয়। তারা উপজেলার করেরহাট ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় চারটি ট্রাকের গতিরোধ করে চালকদের নামিয়ে নেয়া হয়। পরে তাদের মুঠোফোন কেড়ে নিয়ে ট্রাকগুলো মধ্যম সোনাপাহাড় এলাকায় নেয়া হয়। সেখানে চার ট্রাকে থাকা ১ হাজার ৬৮০ বস্তা মুরগির বিষ্ঠা নামিয়ে নেয়া হয়। পরে চালকদের মোবাইল ফোন ফেরত দিয়ে ট্রাকগুলো ছেড়ে দেয়া হয়।
অভিযোগকারী ব্যবসায়ী রিপন হোসেন জানান, নাহার এগ্রো ফিড লিমিটেডের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি এসব মুরগির বিষ্ঠা কিনেছিলেন। চুক্তি অনুযায়ী ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মালামাল সরিয়ে নেয়ার কথা ছিল। ২১ সেপ্টেম্বর চারটি ট্রাকে করে এগুলো ঠাকুরগাঁওয়ে নেয়ার সময় লুটের ঘটনা ঘটে।
এ ঘটনায় রিপন হোসেন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে ২২ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় মামলা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








