মোহাম্মদ সেলিম উদ্দি, ডেঙ্গু, মশা, মশক নিধন
জিয়া উদ্যানে নগর উন্নয়ন ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু সচেতনতা ক্যাম্প ২০২৬’। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির, নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ডেঙ্গু আমাদের জন্য এখন বড় উদ্বেগের বিষয়। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে। এসব উদ্যোগ যথাযথভাবে তদারকি করা প্রয়োজন।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নগর উন্নয়ন ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু সচেতনতা ক্যাম্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং ডেঙ্গু কর্নার করা হয়েছে। এসব উদ্যোগের বাস্তব সক্ষমতা কতটুকু বেড়েছে, তা যথাযথভাবে তদারকি করতে হবে। মানুষ যেন প্রয়োজনীয় সময়ে সঠিক চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ডেঙ্গু আমাদের আশপাশেই রয়েছে। শুধু সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধের কাজ নিজ নিজ ঘর থেকেই শুরু করতে হবে।

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত। তুরস্ক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সেখানকার হাসপাতাল ও চিকিৎসাব্যবস্থার প্রশংসা করেন। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাও ভবিষ্যতে আরো উন্নত ও জনবান্ধব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী দিনে সুন্দর দেশ গঠনে যারা ভূমিকা রাখতে পারবেন, এমন নেতৃত্ব বাছাই করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট থানার আমির আবু সাঈদ মন্ডল। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি তারিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন এবং ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ নম্বর ওয়ার্ড ও মিরপুর দক্ষিণ থানার ব্যবস্থাপনায় এবং ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম কামরুল আহছান মুরাদের সৌজন্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম কামরুল আহছান মুরাদ।

এ সময় মহানগর মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি মো: রাকিবুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমীর হোসেন বাবলুসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মধ্য পাইকপাড়া ও আশপাশের এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়।