৭ দফা দাবি বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক2 মিনিটে পড়ুন
জামায়াতের প্রচারপত্র বিতরণ ছবি: নয়া দিগন্তসাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করতে রাজধানীর শ্যামলী এলাকায় প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুর অঞ্চল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী, শ্রমিক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লংমার্চের কর্মসূচি ও সাত দফা দাবি সংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়।
সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।
প্রচারপত্র বিতরণকালে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও গ্যাস সহজলভ্য ও সাশ্রয়ী করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ কয়েকটি অগ্রাধিকারমূলক কর্মসূচির কথা জানিয়েছিল। কিন্তু এসব ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, এই লংমার্চ কোনো দলের লংমার্চ নয়। এই লংমার্চ দেশের মানুষের গণরায় বাস্তবায়নসহ সাত দফা জনদাবির লংমার্চ। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হতে যাওয়া ঢাকা–রংপুর লংমার্চে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মোহাম্মদপুর উত্তর আমির আব্দুল হান্নান, আদাবর থানা আমির আল আমিন সবুজ, শেরেবাংলা নগর উত্তর আমির আব্দুল আউয়াল আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ।