
আলজাজিরা
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক সঙ্ঘাতের কারণে সমগ্র মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে বিশাল বিপর্যয় বা ‘ভূমিকম্পের মতো’ ঝাঁকুনি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আলে সানি। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর শ্রদ্ধাবোধ থাকা আবশ্যক বলে তিনি উল্লেখ করেন। একই সাথে সঙ্ঘাত বাড়ানোর মানসিকতা থেকে সরে আসার তাগিদ দেন তিনি।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কাতারের প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের এক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এমন এক টেকসই রূপরেখা প্রয়োজন যেখানে আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত থাকবে এবং কোনো রাষ্ট্র অন্য দেশের জন্য হুমকি তৈরি করবে না। ইরানকেন্দ্রিক এই ত্রিদেশীয় যুদ্ধের অর্থনৈতিক অভিঘাত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই সঙ্ঘাতের প্রভাবে যে অভিঘাত তৈরি হয়েছে তা মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং দীর্ঘদিনের নিরাপত্তা বেষ্টনীসংক্রান্ত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে।







