এলএনজি
এলএনজি ছবি: সংগৃহীত
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১২ হাজার ৫৩৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের ৪৫তম সিসিজিপি সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় মোট ১৩টি ক্রয় প্রস্তাব বিবেচনা করা হয়। এর মধ্যে দু’টি প্রস্তাব ছিল জ্বালানি খাতের। এগুলো জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয়। সভায় চলতি সেপ্টেম্বর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে লোডিংভিত্তিক দরপত্রের প্রাক্কলন সংশোধন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্নের প্রস্তাব অনুমোদন করা হয়। এ জ্বালানি তেল আমদানির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১২ হাজার ৫৩৭ কোটি ৪৯ লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের জন্য সাধারণ ক্রয় চুক্তি (জিপিএ) এর আওতায় স্পট মার্কেট ক্রয় ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করা হবে। এক্ষেত্রে বাছাই করা শীর্ষস্থানীয় পিডিসি লট সরবরাহকারীদের মধ্যে রয়েছে চীনের ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং চীনের পেট্রোচায়না। এছাড়া বিদ্যমান দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে একটি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে সিসিজিপি। অনুমোদিত অতিরিক্ত এলএনজি কার্গোটির নম্বর ৩০। এটি চলতি বছর নভেম্বর মাসে সরবরাহ করা হবে। প্রতি এমএমবিটিইউতে জেকেএম থেকে. ০২ মার্কিন ডলার কম দরে এ এলএনজি কেনা হবে। এসব অনুমোদনের ফলে দেশের চলমান জ্বালানি চাহিদা পূরণে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : বাসস