
ফুটবলে লাল কার্ড মানে বিদায়, হলুদ কার্ড সতর্কবার্তা। অথচ মেসির বিদায়ের রাতে সেই দুই কার্ডই হয়ে উঠল ভালোবাসার স্মারক। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচের পর চিলির রেফারি ফার্নান্দো ভেখা নিজের ব্যবহৃত লাল ও হলুদ কার্ড দুটি তুলে দিলেন লিওনেল মেসির হাতে।
বুধবার বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখেন ৩৯ বছর বয়সী মেসি। সেই সাথে ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১২৬।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরের একটি মুহূর্ত ছাপিয়ে গেল মাঠের অনেক পরিসংখ্যানকেও। ম্যাচ রেফারির থেকে অন্যরকম এক উপহার পেয়েছেন মেসি।
শেষ বাঁশির পর যখন মেসিকে ঘিরে ছিলেন সতীর্থ, প্রতিপক্ষ ও শুভাকাঙ্ক্ষীরা; ঠিক তখনই তার কাছে এগিয়ে যান ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা চিলির রেফারি ফার্নান্দো ভেখা। হাতে ছিল ম্যাচে ব্যবহৃত লাল ও হলুদ কার্ড।
শাস্তি হিসেবে নয়, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মারক হিসেবেই কার্ড দুটি তার হাতে তুলে দেন ভেখা। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে।
ইতালির লা গাজেত্তা দেলো স্পোর্তও জানিয়েছে, ম্যাচ শেষে রেফারি মেসিকে কার্ড দুটি স্মারক হিসেবে দেন। অর্থাৎ, ম্যাচের সময় মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি; শেষ বাঁশির পরই সেগুলো উপহার হিসেবে তার হাতে তুলে দেয়া হয়।
এর সাথে যোগ হয় আরো একটি স্মরণীয় উপহার—ম্যাচের বল। এরপর বেনিনের খেলোয়াড়রাও একে একে মেসির কাছে এসে শুভেচ্ছা জানান। ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের শেষ ম্যাচে প্রতিপক্ষের এমন সম্মানও হয়ে ওঠে বিদায়ের বিশেষ মুহূর্ত।
পরে মেসির বিদায়ী অনুষ্ঠানে গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তির হাতেও দেখা যায় সেই কার্ড দুটি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএন জানিয়েছে, মেসি পরে কার্ড দুটি সোলেদাদের হাতে তুলে দেন। সেদিন মেসির সম্মানে গানও পরিবেশন করেছিলেন তিনি।
ফুটবলে লাল কার্ড মানে মাঠ ছাড়ার শাস্তি, হলুদ কার্ড সতর্কতার প্রতীক। কিন্তু মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে সেই দুই কার্ডের অর্থ বদলে গেল। শাস্তির প্রতীক না হয়ে সেগুলো হয়ে উঠল এক কিংবদন্তির বিদায়ের স্মারক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








