হাসিনাকে নিয়ে দায় ঢাকার ওপর চাপাতে চায় দিল্লি

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও জ্যেষ্ঠ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, হাসিনার ঢাকায় ফেরা নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপড়েনের প্রভাব পড়ছে আঞ্চলিক রাজনীতিতে। তার মতে এরই জেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অনুষ্ঠিত আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। একই সাথে ঢাকা বর্তমানে চীন, তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, ভারতের ওপর চাপ সৃষ্টি করতেই ঢাকা এই কৌশল নিয়েছে। তবে বাংলাদেশ যদি অতিরিক্ত মাত্রায় চীন বা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে, তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এবং নয়া দিল্লিকে তার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ‘গ্লোবাল টকস’ অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তী এ মন্তব্য করেন। ভারতীয় মিডিয়াগুলোর বয়ানও একই ধরনের। শেখ হাসিনার শাসনামলে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নিয়ে একই ধরনের স্পর্শকাতরতা ছিল ভারতের। তুরস্কের সাথে সম্পর্ককে বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত। সার্ক অচলাবস্থা কাটিয়ে তুলতে বাংলাদেশ ও পাকিস্তানের ধারাবাহিক কোনো প্রচেষ্টা আলোর মুখ দেখেনি ভারতের অনিচ্ছার কারণে। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের কূটনৈতিক অচলাবস্থা নতুন কিছু নয়। এখন শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়া দিল্লির মধ্যকার চলমান কূটনৈতিক অচলাবস্থা এক নতুন মোড় নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেও প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ। 
পিনাক রঞ্জন চক্রবর্তীর অভিযোগ, ঢাকা ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, অন্য দিকে তার ভ্রমণের বৈধ কাগজপত্র দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কিন্তু দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে অতীতে একাধিকবার বন্দিবিনিময় করেছে। এবার হাসিনাকে নিয়ে কূটনৈতিক শীতলতার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্য ও অর্থনীতিতে। কূটনৈতিক অচলাবস্থার কারণেই আগামী ১২ ডিসেম্বর ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারছে না। 
বিশ্লেষণে পিনাক রঞ্জন বলেছেন, হাসিনা দেশে ফিরলে দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হতে পারেন এবং রাজপথে বড় ধরনের বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হতে পারে, যা সামাল দেয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তাই কোনো আইনি পদক্ষেপ না নিয়ে কেবল প্রত্যর্পণের দাবি তুলে বিষয়টিকে ভারতের বিরুদ্ধে একটি রাজনৈতিক ইস্যু হিসেবে জিইয়ে রাখা হচ্ছে। অথচ ভারতে হাসিনাকে আশ্রয় দেয়ার শর্ত হিসেবে বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মসূচি বা কর্মতৎপরতায় অংশ নেয়ার বিধিনিষেধ থাকলেও দেশটিতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যেই বক্তব্য, বিবিৃত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকছেন ও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উসকানি দিচ্ছেন। এরই অংশ হিসেবে গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে থানায় অগ্নিসংযোগ, সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ককটেল ও বোমাবাজি ধারাবাহিকভাবে শুরু হয়েছে। এভাবেই হাসিনাকে নিয়ে দায় ঢাকার ওপর চাপাতে চাচ্ছে দিল্লি। হাজার হাজার পলাতক আওয়ামী লীগ নেতা কর্মী, সামরিক ও পুলিশের কর্মকর্তা বহালতবিয়তে ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে আছে এবং তাদের খরচ ও যাবতীয় সংস্থান ভারত সরকার বহন করছে। 
বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। বাংলাদেশের সাথে বর্তমান সম্পর্ককে ১৯৭১ সালের পর সবচেয়ে প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দিল্লি দেখলেও নয়াদিল্লির সমর্থন আওয়ামী লীগকে তিনটি বিতর্কিত নির্বাচনের বৈতরণী পেরোতে সহায়তা করেছিল। ক্রমেই অজনপ্রিয় হতে থাকা একজন শাসকের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরো উসকে দেয়। গণ-অভ্যুত্থানে হাসিনা ভারতে পালানোর পর বিষয়টি ভারতের জন্য প্রতিকূলতা তৈরি করেছে। এখন হাসিনা-পরবর্তী যুগে যদি সম্পর্ক আরো খারাপ হয়, ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশে সহিংসতা উসকে দিতে থাকে তাহলে তা দেশ দু’টির অভিন্ন সীমান্তকে আরো অস্থিতিশীল এবং অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা না বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারদের অবমূল্যায়ন না করা। কারণ নয়াদিল্লি ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতিতে হাসিনার আশ্রয়দাতা হিসেবে অবস্থান করছে।
ভারতের সিভিল সার্ভিস ও প্রশাসনবিষয়ক প্রথম সাময়িকী ‘জিফাইলস’-এর সম্পাদক অনিল ত্যাগী মনে করেন শেখ হাসিনার নিরাপত্তা, শেখ হাসিনার ইচ্ছা এবং তারেক রহমানের রাজনীতি নিয়ে ভারত ত্রিমুখী সঙ্কটে পড়েছে। এশিয়ান এইজে তিনি লিখেছেন ক্ষমতায় আসার পর হাসিনাকে ফেরত দেয়ার শর্তে তারেক রহমান ভারত সফরে না যাওয়ায় তিনি এখন রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশ-ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে এক ‘যুদ্ধ’। যে যুদ্ধে নেই বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমা। এই যুদ্ধের লক্ষ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এই লড়াইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ। ভারতের একাধিক মিডিয়া এ যুদ্ধে ভারতের অন্যান্য প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে চীন, পাকিস্তান ও তুরস্ককে। কারণ বাংলাদেশের সাথে এ দেশগুলোর সম্পর্ককে ভারতের আঞ্চলিক আধিপত্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একই সুর প্রতিধ্বনিত হয়েছে পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্যে। তারেক রহমান ভারত সফর এড়িয়ে চললেও, মালয়েশিয়া, চীন, জাপান এবং সর্বশেষ তুরস্ক সফর- এসবই বৃহত্তর এশিয়াজুড়ে অর্থনীতি-কেন্দ্রিক সম্পর্কের এক নতুন সেতুবন্ধন হিসেবে দেখছে ভারত। ভারত চায় বাংলাদেশে শুধু হাসিনা মার্কা শাসনামলের ওপর নির্ভরশীল হয়ে থাকতে। বাংলাদেশে জুলাই আন্দোলন, বিপ্লব বা গণ-অভ্যুত্থানকে এ কারণেই কোনো স্বীকৃতি দিতে নারাজ প্রতিবেশী এই দেশটি।