বাংলাফ্যাক্ট
বাংলাফ্যাক্ট। সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মানবতাবিরোধী অপরাধেদণ্ডিত অপরাধী হাসিনার উসকানি প্রচারে নাশকতা বাড়ছে বলে শনাক্ত করা হয়েছে।

Advertisement

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট তাদের পেজে এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, দণ্ডিত অপরাধী হাসিনার উসকানি প্রচারে নাশকতা বাড়ছে বলে শনাক্ত করা হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ২৫ বছরের সিয়াম। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে জয় বাংলা স্লোগান দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ‘বাহক’ পরিবহনের বাসটির ভেতরেই পুড়ে মারা যান হেলপার সিয়াম।

এর আগে, ফরিদপুরে কৃষকদল নেতা রাজু মোল্লাকে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই রাতে গোপালগঞ্জে রাতভর তাদের সহিংসতায় আহত হন অন্তত ২৫ জন।

অন্যদিকে, সকালে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয়েছে। নেত্রকোনাতে বিএনপির কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

এছাড়াও নয় দিন আগে ফরিদপুরে বাসে আগুন দেয়ায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান বাসচালক কালাচাঁন শেখ।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এসব নাশকতা বেড়েছে। ওই ঘোষণা প্রচারিত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়েছে, এবং সেই সক্রিয়তা রূপ নিয়েছে হত্যাকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগে।

এসব কর্মকাণ্ডে জড়িত হাতেনাতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

হাসিনার ওই ঘোষণা ও পরবর্তী বক্তব্য দেশের গণমাধ্যমেও বারবার প্রচারিত হয়েছে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ডিসেম্বরে হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন এবং সরকার একাধিকবার গণমাধ্যমকে তার বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। তবুও তার বক্তব্য প্রচার করায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে। বাসস