
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান মুফতি রুহুল আমিন। ওই সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সাথে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।
গতকাল ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








