
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রফতানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী ও ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু তদন্ত শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে।
আসামিরা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার এবং শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান, একই প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক ও শেয়ারহোল্ডার জাহাঙ্গীর হোসেন মোল্লা।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স পায়।
বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রফতানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে এফসি বা ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে।
তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট সেবা রফতানি করে। প্রতি মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে, এর মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার। তবে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার হিসাব বিবরণী অনুযায়ী, প্রতিষ্ঠানটি দেশে এনেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ দশমিক ৫২ মার্কিন ডলার। বাকি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ দশমিক ৪৮ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। তৎকালীন বিনিময় হার ৭৭ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








