
কুকুরের লেজ সবসময় বাঁকা। কেউ কখনো সেটি সোজা করার কোশেশ করেছে কি না জানা যায় না। নিশ্চয়ই করেছে। না হলে ‘কুকুরের লেজ কখনো সোজা হয় না’ এই প্রবাদের জন্ম হতো না। বহুল প্রচলিত এই প্রবাদ কেবল বাংলার সম্পদ না। হিন্দি, উর্দু এবং দক্ষিণ ভারতের তামিল ও তেলুগুসহ বিভিন্ন ভাষায় প্রবাদটির হুবহু সংস্করণ প্রচলিত। হিন্দিতে বলা হয়— ‘কুত্তে কি দুম বারাহ সাল নলি মে রাখো, ফির ভি টেঢ়ি কি টেঢ়ি রহেগি’ (কুকুরের লেজ ১২ বছর বাঁশের চোঙে ভরে রাখো, দেখবে যে বাঁকা, সেই বাঁকাই আছে)। বহুল প্রচলিত এই প্রবাদবাক্য একটি বাস্তবতা ধারণ করে। কিন্তু প্রায়োগিক ব্যবহারে এর অর্থের যেমন বিস্তার ঘটে, তেমনি সঙ্কোচনও ঘটতে পারে। কুকুরের লেজ হয়ে ওঠে প্রতীক; কখনো মানুষ বা ব্যক্তিবিশেষের, কখনো মানুষের সমষ্টি, সংগঠন, প্রতিষ্ঠান, বিধিবদ্ধ কাঠামো এবং কখনো রাজনৈতিক দলের প্রতীক, যার বা যাদের মৌল চরিত্রবৈশিষ্ট্য বা সহজাত স্বভাব কখনো পাল্টায় না।
একজন মানুষ, কোনো দল অথবা সংগঠন কোনো অবস্থাতে নিজস্ব স্বভাব চরিত্র পাল্টাচ্ছে না, প্রাথমিকভাবে এটি ইতিবাচক। হুটহাট চরিত্র বদলানো মোটেও কোনো কাজের কথা নয়। যখন তখন মত পাল্টানো কিংবা আদর্শিক অবস্থান থেকে সরে নতুন অবস্থান নেয়া, দল বদল এমনকি কৌশলগত কর্মপদ্ধতি পাল্টে ফেলাও সাধারণ মানুষ সুনজরে দেখে না। মানুষ প্রকৃতির চিরন্তন নিয়ম মেনে অভ্যস্ত। প্রকৃতিতে পদার্থ সহসাই বৈশিষ্ট্য হারায় না। ঘরে রেখে দিলে স্বর্ণ বা রুপার ঔজ্জ্বল্য যদি দ্রুত রং বা গুণ হারিয়ে ফেলে তাহলে মানুষের কাছে কদর হারাত। তাই কেউ তার স্বকীয় বৈশিষ্ট্য বা স্বভাবধর্মে অটল থাকলে সমাজের মানুষ তাকে ইতিবাচকভাবে দেখে; কিন্তু এখানে কুকুরের লেজ সম্পর্কিত প্রবাদটির সীমাবদ্ধতা আছে। এটি সচরাচর সীমিত একটি অর্থে ব্যবহৃত হয়। অর্থটি মোটেও ইতিবাচক নয়; বরং পুরোপুরি নেতিবাচক। যে বা যারা নিজের ভুলত্রুটি বুঝতে অক্ষম এবং সেই মতো শুধরে নিতে অপারগ শুধু তাদের জন্য প্রবাদটি প্রযোজ্য। বলা হয়, কুকুরের লেজ কখনো সোজা হয় না। যাকে লক্ষ্য করে বলা, সেই ব্যক্তি বা সমষ্টি কখনো শুধরাবে না এটিই প্রবাদটির অন্তর্নিহিত বার্তা।
যেটি অবতারণা করতে ভণিতা, তা থেকে এবার মূল প্রসঙ্গে আসি। সম্প্রতি দেশজুড়ে অস্থিরতা তৈরির একটি সংগঠিত অপচেষ্টা চলছে। চলছে আতঙ্ক ও সন্ত্রাসী নানা কর্মকাণ্ড। জঙ্গিমিছিল, হামলা, বোমাবাজি, অগ্নিসংযোগ, অর্থাৎ বেপরোয়া নাশকতায় দেশ ও জনজীবন অনেকটাই জেরবার। মনে হচ্ছে, দূরের পাহাড় থেকে মদমত্ত বুনো হাতির পাল নেমে এসেছে শান্ত জনপদে, নির্বিচারে প্রলয়ঙ্করী তাণ্ডব চালিয়ে নষ্ট করছে কাঁচাপাকা ফসলের ক্ষেত, উপড়ে ফেলছে ফলদ বৃক্ষ, মানুষের বাসগৃহ। এমনকি সামনে যে পড়ছে তাকে পায়ে পিষে মেরে ফেলছে।
কারা জড়িত এসব বিচারবোধহীন সংগঠিত সন্ত্রাসী তাণ্ডবে? গণমাধ্যমের খবর ও সরকারি দলের নেতাদের বক্তব্যে কিছুটা ধোঁয়াশা থাকলেও সাধারণ নাগরিকের কাছে বিষয়টি স্পষ্ট। কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে বলে খবর বেরিয়েছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পেট্রলবোমা নয়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পল্লী বিদ্যুতের লোকরা পরীক্ষা করে শর্ট সার্কিটের কোনো লক্ষণ দেখতে পেলেন না। এ নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হলো; কিন্তু অপরাধীরা ঠিকই আশকারা পেল। এর জেরে গত এক সপ্তাহে গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব, অগ্নিসংযোগ ও পুলিশ কর্মকর্তাকে কোপানো হয়েছে। পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘হাদি চত্বরের’ নামফলক ভাঙচুর করা হয়েছে। সে কারণে ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো ঘটতে পেরেছে এমন অনুমান করা সম্ভবত একেবারে অমূলক হবে না। ফরিদপুরে থামিয়ে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে চালক কালাচান শেখকে। এর পর ঘটল আরো বড় ঘটনা। গোপালগঞ্জে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের প্রায় বাইরে চলে গেল। বিএনপি যুবদলের কার্যালয় পুড়ল, গ্রামীণ ব্যাংক পুড়ল, দলের নেতাকর্মী তো বটেই দোদর্ণ্ড প্রতাপধারী এমপিরা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলেন। যাদের প্রতিরোধ করার দায়িত্ব তারাই যখন পালিয়ে যান তখন সাধারণ মানুষ যাবে কোথায়?
কিন্তু যে পুলিশ কর্মকর্তাকে কোপানো হয়েছে তিনি কে? তিনি গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদি ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই)। লক্ষণটা স্পষ্ট। সুনির্দিষ্টভাবে পুলিশ সদস্যদের বার্তা দেয়া হচ্ছে, খবরদার! আমাদের বিরুদ্ধে গেলে পরিণতি ভোগ করতে হবে। ঠিক যে ভীতির রাজত্ব তারা গত সাড়ে ১৫ বছরে সৃষ্টি করেছিল তার পুনরাবৃত্তি।
গণমাধ্যমের প্রতিদিনের খবরে স্পষ্ট করে বলা হচ্ছে, পতিত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে শুরু হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা। নেত্রীর ফেরার ঘোষণায় চাঙ্গা হয়েছে দলের একশ্রেণীর নেতাকর্মী ও সমর্থক। তারা অস্থিতিশীলতা তৈরি করে এমন অবস্থার সৃষ্টি করতে চায়, যেন সরকার পতিত ফ্যাসিবাদী দলটির ব্যাপারে নমনীয় হতে বাধ্য হয়।
সরকারি দলের নেতারাও এ নিয়ে কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বলেছেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের ‘পুরনো অপসংস্কৃতি’।
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামানের বক্তব্য— ককটেল ফাটিয়ে ও আগুন দিয়ে ভীতি সৃষ্টি করে ‘পতিত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তি’ দেশের রাজনীতিতে আবার জায়গা করে নিতে পারবে না; জনগণ তাদের সে সুযোগ দেবে না।
সরকারের নীতিনির্ধারকদের মতে, নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের কর্মীরা এ নাশকতা চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।
নাশকতাকারীরা এতটা সাহস পাচ্ছে কিভাবে
আওয়ামী লীগের সাহসের অভাব কখনো ছিল না। বিশেষ করে নাশকতার ক্ষেত্রে দলটিকে পৃথিবীর যেকোনো রাষ্ট্রীয় এলিট ফোর্সের কাতারে ফেলা সম্ভব। খালেদা জিয়ার শাসনামলে জাতি তা হাড়ে হাড়ে টের পেয়েছে। হরতাল, অবরোধ, আগুন দেয়া, গুপ্তহত্যা, পেট্রলবোমায় বাস বা ট্রেন জ্বালিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে মারার মতো ঘটনা যেকোনো সময় ঘটিয়ে ফেলা আওয়ামী সন্ত্রাসীর কাছে তুড়ি বাজানোর মতো সহজ; কিন্তু সাড়ে ১৫ বছরের নজিরবিহীন দুঃশাসন, গুম, খুন, আয়নাঘর, দুর্নীতি, লুণ্ঠন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নৃশংস গণহত্যার অবিশ্বাস্য রেকর্ড গড়ে বিপর্যয়কর পতনের পর মাত্র দুই বছর না যেতে তারা কিভাবে আবারো দুঃসাহসী হচ্ছে? এ প্রশ্ন একা আমাদের নয়, সাধারণ মানুষেরও বিস্মিত জিজ্ঞাসা এটি।
জবাবটা সহজ। প্রথমত, যে শক্তির মদদে দলটি গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকার, বাকস্বাধীনতা সবকিছুর কবর রচনা করে সাড়ে ১৫ বছর ক্ষমতায় টিকে ছিল সেই শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে। দ্বিতীয়ত, বিএনপির ভেতর থেকে প্রচ্ছন্ন প্রশ্রয় আছে। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য মির্জা আব্বাসের বক্তব্য তার প্রমাণ। তিনি কোনোরকম রাখঢাক ছাড়া বলেছেন, টাকা নিয়ে বিএনপির একশ্রেণীর নেতাকর্মী আওয়ামী লীগকে পথে নামার সুযোগ করে দিচ্ছেন। তবে এর বাইরে আরো বড় মদদগার আছে আওয়ামী লীগের। দলের বা সরকারের দায়িত্বশীল কেউ যখন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের পক্ষে কথা বলেন, তখন খুনিদের দলটিকে আসলে মাঠে নামার আহ্বানই জানানো হয়। এমন বক্তব্য আমরা বেশ কিছুদিন ধরে শুনছি।
মানুষ হত্যা, থানায় আগুন, পুলিশের অস্ত্র লুট, মানুষের বাড়িঘরে আগুন— এসব চরম সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকার অ্যাকশন নিতে পারে; কিন্তু তারা পারছে না। পুলিশ-বিজিবি পর্যন্ত পালিয়েছে গোপালগঞ্জ থেকে। স্পষ্টত স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। এরপর কি সেনাবাহিনী নামাবে সরকার! সরকারের উপদেষ্টারা জামায়াত-এনসিপিকে মাঠে নামার ডাক দিচ্ছেন। জামায়াত-এনসিপির কী দায় মাঠে নামার? জুলাই বিপ্লবের সুবিধা তো এককভাবে বিএনপি নিয়েছে। জুলাইকে ছুড়ে ফেলেছে ডাস্টবিনে। সংসদে প্রতিটি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে বিরোধী দলকে উপেক্ষা করেছে, অবজ্ঞা করেছে। জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে জুলাই সনদের গণভোট ও সংস্কারের আকাঙ্ক্ষার প্রশ্নে। তাই জামায়াত-শিবির, এনসিপি ভাবতেই পারে, কৃতকর্মের ফলও এককভাবে ভোগ করুক দলটি; কিন্তু এর পরও কথা থাকে। বিএনপির ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি ফিরে এলে শুধু বিএনপি নিশ্চিহ্ন হবে না, বিপন্ন হবে সবাই। দেশের অস্তিত্ব নড়বড়ে হয়ে পড়বে কি না সেই সংশয় আছে। কারণ ঘটনা পরম্পরায় এটি স্পষ্ট, আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে পেছন থেকে মূলত বাংলাদেশকে দুর্বল করার অপচেষ্টা শুরু করেছে প্রতিবেশী দেশটি। তেমন হলে আধিপত্যবাদী শক্তির বুটের তলায় পিষ্ট হতে হবে এ দেশের কোটি কোটি মুসলমানকে। অবস্থা হবে ফিলিস্তিনিদের চেয়েও বিপর্যয়কর। মনে রাখা দরকার, দেশের চেয়ে দলের স্বার্থ বড় হতে পারে না।
আওয়ামী লীগকে রুখতে বিএনপিও উন্মত্ত হয়ে উঠুক, দমন-পীড়ন ও হত্যার পথ বেছে নিক, আমরা তা চাই না। আমাদের বক্তব্য স্পষ্ট— জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হতে হবে, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট প্রতিটি অভিযোগের বিচার করতে হবে। যারা দোষী নন তারা রেহাই পেলে সমস্যা নেই; কিন্তু অপরাধীর বিচার হতে হবে। এ মুহূর্তে যেসব সন্ত্রাস, নাশকতা চালানো হচ্ছে তারও বিচার করতে হবে। দল হিসেবেও আওয়ামী লীগ অভিযুক্ত। শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্নীতি ছাড়াও দলটির বিরুদ্ধে দেশের স্বার্থ বিকিয়ে দেয়ার গুরুতর অভিযোগ আছে। প্রমাণ আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে— প্রতিবেশী দেশের প্রয়াত রাষ্ট্রপতির লেখায় এবং আওয়ামী লীগের নেতাদের কথায় ও কাজে। আমরা প্রতিহিংসার কথা বলি না। জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে যা করণীয় তাই করতে বলি। নির্বাচিত সরকারের দায়িত্ব রাষ্ট্রের অস্তিত্ব শুধু টিকিয়ে রাখা নয়, একে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা। এর জন্য অপরাধের বিচার হওয়া জরুরি।
আওয়ামী লীগ দুঃখিত বা অনুতপ্ত হয়নি, দোষ স্বীকার পর্যন্ত করেনি। উল্টো শেখ হাসিনা জিজ্ঞাসা করছেন, কী অপরাধ করেছি? হুমকি দিচ্ছেন দেশে ফিরে কাউকে আস্ত রাখবেন না। অর্থাৎ কুকুরের লেজ সোজা হয়নি। সেই আশা করা বাতুলতামাত্র।
লেখক : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর, নয়া দিগন্ত
mujta42@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








