আল্লামা ইকবাল, মুসা আল হাফিজ
আল্লামা ইকবাল। সংগৃহীত

আল্লামা মুহাম্মদ ইকবালকে ঘিরে উপমহাদেশের মুসলিম বুদ্ধিবৃত্তিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিতর্ক হলো তার বিরুদ্ধে কুফরের অভিযোগ এবং মাওলানা আবু মুহাম্মদ দিদার আলী আল-ওয়ারীর ফতোয়া। মাওলানা দিদার আলী ছিলেন সুপরিচিত আলেম ও মুফতি। তিনি আহমদ রেজা খান বেরলভীর ছাত্র ও খলিফা। লাহোরের ঐতিহাসিক মসজিদ ওয়াজির খানের খতিব। 
১৯২৫ সালের ১৫ অক্টোবর জমিন্দার পত্রিকার প্রথম পাতায় মাওলানা দিদার আলীর একটি ফতোয়া প্রচারিত হয়। ফতোয়াটি ছিল কয়েকটি কবিতার পঙ্ক্তি সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাব। প্রশ্নপত্রে কবিতার  কয়েকটি পঙ্ক্তি তুলে ধরে জানতে চাওয়া হয়, এমন কবিতার লেখক ইসলামের মধ্যে আছেন কি না? তাকে মুসলিম হিসেবে গণ্য করা যাবে কি না? তার সাথে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখা বৈধ কি না? 
প্রশ্নপত্রে কবির নাম সরাসরি উল্লেখ করা হয়নি। কিন্তু উদ্ধৃত কবিতাগুলো ছিল আল্লামা ইকবালের। ফতোয়ায় কয়েকটি অভিযোগের কথা বলা হয়। এর  মধ্যে উল্লেখযোগ্য  হলো—
ক. সূর্যকে ঐশী গুণাবলিতে ভূষিত করা এবং তার কাছে প্রার্থনা করা। 
খ. সূর্যকে ‘পরওয়ারদিগার’ বা ‘ইয়াজদান’ বলা। 
গ. হজরত মুসা আলাইহিস সালামের অবমাননা। 
ঘ. আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননা। 
ঙ. হিন্দুদের  ধর্মীয় ব্যক্তিত্বকে ‘ইমাম’ ও ‘চেরাগে হেদায়াত’ বলা। 
এসব অভিযোগের ভিত্তিতে তিনি সংশ্লিষ্ট কবিকে কাফের ও ফাসেক আখ্যা দেন এবং তার সাথে মুসলমানদের সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। আবদুল মাজিদ সালিকের লেখা ‘জিকরে ইকবাল’ এবং ইকবালপুত্র ড. জাভেদ ইকবালের লেখা ‘জিন্দা রোদ’ গ্রন্থে ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ফতোয়ার একটি প্রধান অভিযোগ ছিল, কবি সূর্যকে আল্লাহর গুণাবলিতে ভূষিত করেছেন। এ অভিযোগের ভিত্তি হিসেবে ইকবালের আফতাবে সুবহ কবিতার কয়েকটি পঙ্ক্তি পেশ করা হয়েছিল। যেমন :
‘হে সূর্য! আমাদের চেতনার আলো দাও,
আমাদের বুদ্ধির চোখকে তোমার জ্যোতিতে আলোকিত করো।’
এখানে আপাতদৃষ্টিতে সূর্যের কাছে জ্ঞান ও আলোর প্রার্থনা করা হচ্ছে। কিন্তু কবিতাটির উৎস অনুসন্ধান করলে এটি ইকবালের মৌলিক রচনা নয়। কবিতাটি ঋগে¦দের গায়ত্রী মন্ত্রের ভাবানুবাদ। ১৯০৩ সালে মাখযান পত্রিকায় প্রকাশের সময় কবিতার সাথে একটি ব্যাখ্যামূলক ভূমিকা ছিল। সেখানে আলোচ্য সূর্যকে অতীন্দ্রিয় আলোর উৎস হিসেবে ব্যাখ্যা করা হয়। পরে বাঙ্গেদারা গ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করার সময় সেই ভূমিকা বাদ দেয়া হয়। 
ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো কবিতার অনুবাদ, ভাবানুবাদ কিংবা অন্য ধর্মীয় ঐতিহ্য থেকে গৃহীত প্রতীকের ব্যাখ্যা নির্ধারণ করতে হলে তার উৎস ও মূল অভিপ্রায় জানতে হয়। কেবল বিচ্ছিন্ন রূপক দিয়ে কবির ধর্মীয় বিশ্বাস নির্ধারণ করা যায় না। ফিকহের মূলনীতি হলো— সব কাজ ও কথা তার উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। তাই কোনো অনুবাদকের ওপর মূল রচয়িতার ধর্মীয় বিশ্বাস আরোপ করা বিচারিক দৃষ্টিতে অসিদ্ধ। কবিতাটিতে সূর্যকে লক্ষ্য করে বলা হয়েছে, পরওয়ারদিগার ও ইয়াজদান। শব্দগুলোর ভাষাগত দিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফারসি ‘পরওয়ারদিগার’ শব্দটি ‘পরওয়ারদান’ (পালন করা) ক্রিয়া থেকে উদ্ভূত, যার আভিধানিক অর্থ লালনকারী। ফারসি ভাষায় এটি আল্লাহর গুণ প্রকাশে ব্যবহৃত হলেও আভিধানিক ও রূপক অর্থে জগতের উদ্ভিদ ও প্রাণের ভৌত উপকরণ হিসেবে সূর্যকে লালনকারী বলা ততক্ষণ পর্যন্ত শিরক নয়, যতক্ষণ না তাকে স্রষ্টা বা প্রতিপালক  মনে করা হয়। 
অন্য দিকে ‘ইয়াজদান’ শব্দটি প্রাচীন জরাথুষ্ট্রীয় ঐতিহ্যে কল্যাণের দেবতা অর্থে ব্যবহৃত হলেও পরে ফেরদৌসী, রুমি ও হাফিজের মতো মুসলিম কবিদের হাতে পড়ে ফারসি সাহিত্যে সাধারণভাবে ‘আল্লাহ’ বা ‘মালিক’ অর্থে আত্তীকৃত হয়ে যায়। ইকবাল মূলত গায়ত্রী মন্ত্রের সংস্কৃত শব্দ ‘সবিত্রি’ (যা সূর্য এবং পরম সত্তা উভয় অর্থেই ব্যবহৃত হয়)-এর কাব্যিক অনুবাদ করতে গিয়ে প্রচলিত ফারসি পরিভাষা ‘ইয়াজদান’ ব্যবহার করেছিলেন। ‘ইয়াজদান’ ও ‘পরওয়ারদিগার’ শব্দ দু’টি ফারসি ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এগুলোর অর্থ ও ধর্মীয় ব্যবহার প্রসঙ্গনির্ভর। কোনো শব্দের একাধিক অর্থ থাকলে কেবল একটি অর্থ ধরে তাকফির করা যায় না। 
অতএব, এ কবিতার বিচারেও শব্দার্থ, উৎস, অনুবাদ এবং কবির ব্যাখ্যা একত্রে বিবেচনা করতে হবে। 
ফতোয়ার দ্বিতীয় অভিযোগের ভিত্তি ছিল ইকবালের এই পঙ্ক্তি : 
‘হে কালিম! এতে তোমার বিশেষত্ব এমন কী,
বৃক্ষ ও পাথরও তো আল্লাহর সঙ্গে কথা বলে।’
এখানে ‘কালিম’ বলতে হজরত মুসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কারণ, তিনি কালিমুল্লাহ— আল্লাহর সাথে কথোপকথনের সৌভাগ্যপ্রাপ্ত নবী। 
প্রথম পাঠে মনে হতে পারে, ইকবাল হজরত মুসার বিশেষ মর্যাদাকে অস্বীকার করছেন। কিন্তু কবিতার ভাষায় প্রকৃতির সাথে আল্লাহর সম্পর্ক এবং আল্লাহর সৃষ্টির মধ্যে তাঁর নিদর্শনের প্রকাশ নিয়ে যে বক্তব্য এসেছে, সেটিকে সরাসরি নবীর মর্যাদা অস্বীকার হিসেবে চিহ্নিত করা যথার্থ হবে না। 
ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহর সাথে কথা বলার বিশেষ মর্যাদা ছিল  হজরত মুসার আ:। একই সাথে  প্রকৃতির বিভিন্ন সৃষ্টির তাসবিহ, আল্লাহর নির্দেশের প্রতি তাদের আনুগত্য এবং সৃষ্টিজগতের নিজস্ব ভাষার উল্লেখ রয়েছে আল কুরআনে। কিন্তু দু’টি বিষয় এক নয়। গাছ-পাথর কর্তৃক আল্লাহর তাসবিহ করা এবং নবীর সাথে আল্লাহর প্রত্যক্ষ কালাম একই ধরনের ঘটনা নয়। সাহিত্যিক রূপক হিসেবে এর ইতিবাচক ব্যাখ্যা সম্ভব হলেও শরিয়তের আদব ও নবুওয়াতের মর্যাদার দিক থেকে পঙ্ক্তিটি ‘মুহিম’ বা সন্দেহজনক। নবীদের বিশেষ মর্যাদার ক্ষেত্রে এমন তুলনামূলক বাক্য ব্যবহার করা অনুচিত বা আদববিরোধী হতে পারে।  এর ভাষাগত যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। বিশেষত নবুওয়াতের বিশেষ মর্যাদা প্রকাশে আরো সতর্ক শব্দচয়ন কাম্য ছিল। কিন্তু প্রকৃত কারণ ছাড়া মুমিনকে  কাফির আখ্যাদান আরো বড় ভুল, অন্যায়।   
আরেকটি অভিযোগ ছিল, ইকবাল আলেম ও ধর্মীয় নেতাদের অবমাননা করেছেন। তার পঙ্ক্তি :
‘এই আত্মমুগ্ধ পথপ্রদর্শকরা (মুরশিদগণ) কত ভয়াবহ! আল্লাহ তোমার জাতিকে এদের থেকে রক্ষা করুন। মুসলমানদের বিপথে পরিচালিত করে তারা নিজেদের সম্মান প্রতিষ্ঠা করছে।’ 
এখানে ইকবাল ধর্মীয় নেতৃত্বের একটি বিশেষ প্রবণতার সমালোচনা করেছেন। তার আপত্তি ছিল আত্মকেন্দ্রিকতায়, নেতৃত্বের অপব্যবহারে, ধর্মীয় কর্তৃত্বকে ব্যক্তিগত মর্যাদা অর্জনের মাধ্যম বানানোয়। সর্বোপরি মুসলিম সমাজকে বিভ্রান্ত করার কারণে। ধর্মীয় নেতৃত্বের সমালোচনাকে হরেদরে কুফর বলা যায় না; বরং ইসলামী ইতিহাসে বহু আলেমের নামে ধর্মীয় কর্তৃত্বের অপব্যবহারের সমালোচনা করেছেন বহু মনীষী। তবে সমালোচনা করতে গিয়ে সব আলেমকে এক পাল্লায় মাপা, তাদের অবমাননা করা কিংবা দ্বীনি ইলমের মর্যাদা ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। ইকবালের বক্তব্যকে এ দৃষ্টিতেও যাচাই করা প্রয়োজন।
ফতোয়ার সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি ছিল রামচন্দ্র সম্পর্কে ইকবালের কবিতা। 
‘এই পথনির্দেশের প্রদীপের বিস্ময়কর মাহাত্ম্য এমনই যে, 
ভারতের সন্ধ্যাও তার আলোয় ভোরের চেয়ে উজ্জ্বল।  
রামের অস্তিত্ব নিয়ে ভারত গর্বিত; 
অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষেরা তাকে ভারতের পথপ্রদর্শক মনে করেন।’ 
এখানে শুরুতে একটি মৌলিক ফারাক স্পষ্ট করি। কোনো ধর্মীয় ঐতিহ্যের ঐতিহাসিক বা সাংস্কৃতিক ব্যক্তিত্বকে কোনো সমাজের নৈতিক আদর্শ, সাংস্কৃতিক নেতা কিংবা পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করার অর্থ তাকে ইসলামী আকিদার অর্থে নবী বা শরিয়ত প্রদত্ত ধর্মীয় ইমাম হিসেবে স্বীকার করা নয়। 
১৯০৮ সালে ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ থাকাকালে লেখা এই কবিতায় ইকবাল রামচন্দ্রকে ভারতের গৌরব ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষদের দৃষ্টিতে পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেছিলেন। এখানে ভাষাগত ও আকিদাগত সীমারেখা স্পষ্ট করা জরুরি। আরবি ‘ইমাম’ শব্দের আভিধানিক অর্থ নেতা বা অগ্রবর্তী ব্যক্তি; পবিত্র কুরআনে যেমন সৎ নেতাদের ইমাম বলা হয়েছে, তেমনি ফেরাউনের অনুসারী অবিশ্বাসী নেতাদেরও জাহান্নামের দিকে আহ্বানকারী ‘ইমাম’। (সূরা কাসাস-৪১) বলা হয়েছে। 
ইকবাল এখানে রামচন্দ্রকে আল্লাহর নবী বা ইসলামী শরিয়তের ইমাম হিসেবে স্বীকার করেননি; বরং অমুসলিম ভারতীয়দের দৃষ্টিতে (‘আহলে নজর’) ভারতীয় সভ্যতার নৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তার ঐতিহাসিক অবস্থানের বর্ণনা দিয়েছেন। কোনো অমুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বের সামাজিক বা নৈতিক গুণাবলির প্রশংসা করা ইসলামী শরিয়তে কুফর হিসেবে গণ্য হয় না। 
একজন মুসলিম কবি অন্য ধর্মের সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো ব্যক্তিত্বের মানবিক বা সভ্যতাগত অবদান স্বীকার করতে পারেন। এ ক্ষেত্রে ইমাম শব্দের এস্তেমাল অসতর্ক বটে । ‘চেরাগে হেদায়েত’ উপাধি ব্যবহারকে গলত বলতে হয়। ইকবালের এমন শব্দচয়ন ও ধর্মতাত্ত্বিক সীমারেখা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু শুধু ‘ইমাম’ শব্দ ব্যবহারের কারণে কুফরের সিদ্ধান্ত দেয়া যায় না। কিন্তু সেই ঘটনাই ঘটল। এর জমি তৈরি হচ্ছিল নানা দিক থেকে।  
এই  ফতোয়ার পেছনে কি সংবাদপত্রের কৌশল ছিল? 
মাওলানা দিদার আলী সরাসরি ইকবালের কবিতা পড়ে নিজের আগ্রহে ফতোয়া দেননি। জমিন্দার পত্রিকায় প্রকাশিত প্রশ্নপত্রের বিবরণ অনুযায়ী, একজন ব্যক্তি ছদ্মনামে দিদার আলীর কাছে কবিতাগুলো পাঠিয়ে ফতোয়া চেয়েছিলেন। প্রশ্নকারীর পরিচয় হিসেবে ‘পীরজাদা মুহাম্মদ সিদ্দিক সাহারানপুরি’ নামটি ব্যবহৃত হয়েছিল। অনেকের অনুমান, প্রশ্নকারী সম্ভবত জমিন্দারের তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মাজিদ সালিক ।
ইকবালের জীবনীকার খুররম আলী শফিকের বক্তব্য অনুসারে, তখন পত্রিকার সম্পাদক মাওলানা জাফর আলী খান এবং উপসম্পাদক গোলাম রাসূল মেহর দেশের বাইরে ছিলেন। তরুণ সাহিত্যিক আবদুল মাজিদ সালিক পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। ওই সময় সৌদি শাসক ইবনে সৌদ হিজাজ (মক্কা-মদিনা) দখল করে মাজার সংস্কারের উদ্যোগ নিলে ভারতীয় আলেমরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। ইকবাল ইবনে সৌদের পক্ষে বিবৃতি দেন। বিরোধী ঘরানার লোকেরা ক্ষুব্ধ হয়ে ইকবালের বিরুদ্ধে ফতোয়া জারি করার সুযোগ নিয়েছিলেন। দিদার আলী ছিলেন সৌদি বিরোধী। তবে খুররম আলী শফিক হাজির করেন ভিন্ন ব্যাখ্যা। সালিক চেয়েছিলেন দিদার আলীকে বিব্রত করতে। সে জন্য একটি পরিকল্পিত প্রশ্ন পাঠিয়েছিলেন। প্রশ্নে ইকবালের নাম না দিয়ে এমন কিছু কবিতা উদ্ধৃত করা হয়েছিল, যেগুলো পাঠকের কাছে ততটা পরিচিত ছিল না। এরপর ফতোয়াটি পত্রিকায় প্রকাশ করা হয়। তবে এ ব্যাখ্যাকে চূড়ান্ত ঐতিহাসিক সত্য বলা যাবে না। কারণ প্রশ্নকারীর প্রকৃত পরিচয় নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়। সালিকের সম্পৃক্ততা একটি গবেষণাগত অনুমান।
আরেকটি আলোচিত সম্ভাবনা হলো : জমিন্দার পত্রিকা প্রতিষ্ঠান হিসেবেই দিদার আলীর সাথে পূর্ববর্তী বিরোধের প্রতিশোধ নিতে চেয়েছিল। ইকবালের বিরুদ্ধে ফতোয়া দিলে দিদার বিরূপ অবস্থার শিকার হবেন, এটি জানাই ছিল। ইতোমধ্যে দিদার আলী জমিন্দার পত্রিকার সম্পাদক মাওলানা জাফর আলী খানসহ অনেকের বিরুদ্ধে  ফতোয়া দিয়েছিলেন।
এখানে সংবাদপত্রের রাজনৈতিক অবস্থান, ব্যক্তিগত বিরোধ, ধর্মীয় কর্তৃত্বের দ্বন্দ্ব ও জনমত তৈরির কৌশল— সব কিছুই বিবেচনায় নিতে হয়। ফলে ঘটনাটি শুধু একজন মুফতির ভুল ফতোয়াই নয়। এর আরো নানা দিক রয়েছে। আবার গোটা ব্যাপারটা সংবাদপত্রের পরিকল্পনা ছিল, এটিকেও অকাট্য সত্য হিসেবে গ্রহণ করা যাবে না।
ফতোয়া প্রকাশের পরে সেকালের আলেমদের অন্যতম ব্যক্তিত্ব সাইয়্যদে সুলাইমান নদভী রহ:-এর প্রতিবাদ করেন। পরে মাওলানা জাফর আলী খান, মাওলানা আবুল হাসান আলী নদভীসহ বহু আলেম ও চিন্তাবিদ ইকবালের কবিতার দার্শনিক ও রূপকধর্মী ব্যাখ্যা তুলে ধরে এই ফতোয়ার অসারতা প্রমাণ করেন। আবদুল মাজিদ সালিক, চৌধুরী মুহাম্মদ হুসাইন ও হাকিম আহমদ আলী ফিরোজপুরীর কলমে ফতোয়াটির সমালোচনা লিখিত হয়, প্রকাশিত হয়। 
আল্লামা ইকবাল গোটা বিষয়ে নিস্পৃহ ছিলেন। প্রথমত, ফতোয়ায় তার নাম ছিল না। দ্বিতীয়ত, ঘটনার আড়ালে ছিল কিছু ব্যক্তির চালাকি ও চাল। তৃতীয়ত, ওলামায়ে কেরামের জোরালো প্রতিবাদ ইকবালকে সুরক্ষা দেয়। বুদ্ধিজীবী সমাজ এবং সাধারণ জনগণও একে ইতিবাচকভাবে নেয়নি।
আল্লামা ইকবাল ও মাওলানা দিদার আলীর ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরেনি। এর বড় প্রমাণ ১৯২৯ সালে গাজি ইলমুদ্দিনের জানাজায় আল্লামা ইকবাল নিজেই মাওলানা দিদার আলীকে ইমাম মনোনীত করেন। ঘটনা এতটুকুই। পরে এতে অনেক রঙ চড়ানো হয়। গালগল্প তৈরি করা হয়। প্রসিদ্ধ এক রটনা হলো, শিকওয়া গ্রন্থ প্রকাশের পরে আলেমরা ইকবালকে কাফির বলেন। জবাবে শিকওয়া প্রকাশের পরে তাকে আল্লামা বানিয়ে নেন। বস্তুত কুফুরির ফতোয়া একবারই দেয়া হয়, এর সাথে শিকওয়া কাব্যগ্রন্থের কোনো সম্পর্ক ছিল না।  
এই ফতোয়ার ঘটনাকে কোনোভাবেই গৌণ বলছি না। বিচ্ছিন্ন উদ্ধৃতি, রূপক ও অসতর্ক শব্দ-বাক্যের প্রেক্ষিতে কুফুরির ফতোয়ার যেকোনো ঘটনা অবশ্যই দুঃখজনক, পরিত্যাজ্য। কারণ ইসলাম কোনোভাবেই এমন কাণ্ডের অনুমোদন দেয় না। 
লেখক : কবি, গবেষক
71.alhafij@gmail.com

Advertisement