ইউরোপে বিক্ষোভকারীরা
ইউরোপে বিক্ষোভকারীরা। সংগৃহীত ছবি
ads

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিক খাতে অতিরিক্ত ব্যয় ও জলবায়ু সঙ্কটসহ নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (২০ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন তরুণরা। 

তাদের অভিযোগ, রাজনৈতিক নেতারা তরুণ প্রজন্মের উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছেন না। এ নিয়ে সরকারগুলোর ওপর চাপ বাড়াতেই রাস্তায় নেমেছেন তারা।

ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের শহরে বিক্ষোভকারীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় অনেকের হাতে ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা আতশবাজি জ্বালান এবং ট্যাঙ্কের প্রতীকী কার্ডবোর্ডের মডেলে আগুন দেন।

৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি যুব জোটের উদ্যোগে এসব বিক্ষোভের আয়োজন করা হয়। দেশভেদে বিক্ষোভের দাবিতে ভিন্নতা থাকলেও এর মধ্যে রয়েছে গাজায় ইসরাইলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশের অবনতি।

বিক্ষোভকারীদের মতে, ইউরোপের সরকারগুলো ভূরাজনৈতিক সঙ্কট মোকাবেলা ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতেই বেশি ব্যস্ত। অথচ তরুণ প্রজন্মের কল্যাণে শিক্ষা, কর্মসংস্থান ও আবাসন খাতে প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না।

ইতালির মিলান শহরে বিক্ষোভে অংশ নেয়া ১৮ বছর বয়সী উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী অলিভিয়া ফেরারিও এএফপিকে বলেন, রাস্তায় নেমে তরুণরা তাদের ‘কর্মস্পৃহা ও দৃঢ় সংকল্প’ প্রকাশ করছে।

তিনি বলেন, ‘সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা চুপ করে থাকতে পারি না।’

মিলানের ওই বিক্ষোভে কয়েক হাজার নয়, বরং ১০ হাজার মানুষ অংশ নেন।

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বড় বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটায় এবার নিরাপত্তার জন্য বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আশা অনেকটাই হারিয়ে ফেলেছি
সুইজারল্যান্ডে বিক্ষোভের আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।

লুজান শহরের একটি ব্যানারে লেখা ছিল, ‘ব্যয় সংকোচন নীতি এক ধরনের সামাজিক সহিংসতা।’ 

অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কর্মসূচি শেষ হওয়ার পর অল্পসংখ্যক বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। সুইজারল্যান্ডের বার্তাসংস্থা কিস্টোন-এটিএস এ তথ্য জানিয়েছে।

জার্মানির রাজধানী বার্লিনে প্রায় এক হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্কুলশিক্ষার্থী বিক্ষোভ করেন। তাদের উদ্বেগের অন্যতম বিষয় ছিল দেশটির দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি। এতে আবারো বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত বছর উচ্চমাধ্যমিক শেষ করা ১৮ বছর বয়সী হেলেনা কোসাটজ এএফপিকে বলেন, ‘কাউকে যুদ্ধ করা ও মানুষ হত্যা করার প্রশিক্ষণ নিতে বাধ্য করা এবং পরে তাকে যুদ্ধে পাঠানো—এটা কোনোভাবেই সমর্থনযোগ্য বলে আমি মনে করি না।’

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ইউরোপের বিভিন্ন দেশ সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে ইউরোপজুড়ে বিক্ষোভের আয়োজকদের দাবি, সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের উন্নয়নমূলক কর্মসূচি ও আবাসন খাতে ব্যয় করা উচিত।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে ও কাছের ট্রাফালগার স্কয়ারে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকের পরনে ছিল স্কুলের পোশাক। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘উচ্চশিক্ষা বাঁচাও’ ও ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো।’

কলেজ থেকে ছুটি নিয়ে বিক্ষোভে অংশ নেয়া এলিজ নামের ১৮ বছর বয়সী এক তরুণী এএফপিকে বলেন, ‘আমি অনেকটাই আশা হারিয়ে ফেলেছি।’

পরিচয় প্রকাশ না করে শুধু নিজের প্রথম নাম জানানো ওই তরুণী বলেন, ‘টাকার অভাব। আবার বেশিভাগ চাকরিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দখলে চলে যাচ্ছে। সব মিলিয়ে মানুষের মধ্যে হতাশা বাড়ছে।’

লন্ডনে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এএফপির সাংবাদিক কয়েকজনকে গ্রেফতার হতেও দেখেছেন।

লন্ডনের বিক্ষোভে ‘ফিলিস্তিন চিরকাল বেঁচে থাকবে’ স্লোগান শোনা যায়। ইউরোপের বিভিন্ন দেশের বিক্ষোভেও ফিলিস্তিনের পতাকা দেখা গেছে।

ইতালির রাজধানী রোমে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে মিছিল করেন। এতে লেখা ছিল, ‘কেউ আমাদের স্বাধীনতা না দিলে আমরা তা আদায় করে নেব—সরকার, যুদ্ধ ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে।’

রোমেও বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। 

‘শোচনীয়’ শিক্ষাব্যবস্থা
স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। একইসাথে সামরিক ব্যয় বৃদ্ধির সমালোচনা করেন তারা।

১৬ বছর বয়সী স্কুলশিক্ষার্থী গ্যাব্রিয়েলা হিমেনো সেরানো বলেন, তাদের একটি শ্রেণিকক্ষে ৩৩ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক মাত্র একজন।

তিনি এএফপিকে বলেন, ‘শ্রেণিকক্ষগুলো খুবই ছোট। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও সুযোগ-সুবিধার অবস্থা একেবারেই শোচনীয়।’ 

সপ্তাহান্তেও এসব বিক্ষোভ অব্যাহত থাকার কথা রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন ও আবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আরো বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের বার্ষিকীর কাছাকাছি সময়ে ইউরোপজুড়ে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ ও ২০১৯ সালে ওই আন্দোলন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারকে চাপে ফেলেছিল। শনিবার ফ্রান্সেও নতুন করে বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশের এসব বিক্ষোভের পেছনে ফ্রান্সের সাম্প্রতিক আন্দোলনেরও প্রভাব রয়েছে। 

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে স্কুলশিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ফ্রান্সে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে মূল্যবৃদ্ধি, অপর্যাপ্ত সরকারি সেবা এবং পুলিশের নির্যাতনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

সূত্র : বাসস