সাইবার হামলা, এফবিআই, হ্যাকার,
এফবিআইয়ের লোগো। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অপরাধবিষয়ক জাতীয় তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধী শনাক্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা যাচাইসহ বিভিন্ন কাজে যে তথ্যভান্ডারের ওপর নির্ভর করেন, এবার সেটিই হ্যাকারদের নিশানা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাইবার হামলার শিকার হলো সংস্থাটি।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন আরো জানায়, কয়েক দিন আগে হ্যাকারদের এই হামলার বিষয়টি ধরা পড়ে। এফবিআইয়ের অপরাধবিষয়ক জাতীয় তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) এখন এ ঘটনার তদন্ত করছে। তদন্ত সম্পর্কে অবহিত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

এনসিআইসি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ব্যবস্থা। কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের পুলিশসহ বিভিন্ন সংস্থা এ তথ্য ভান্ডার ব্যবহার করে। গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধের রেকর্ড এবং বিভিন্ন ব্যক্তির অতীত কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায় এই ভান্ডারে। দেশজুড়ে পুলিশ সদস্যরা প্রতিদিন ‌এনসিআইসি ব্যবহার করেন। ফলে হ্যাকাররা এই তথ্যভান্ডারে হাত দিতে পারলে পুলিশি কার্যক্রম ও সাধারণ মানুষের নিরাপত্তা—দুই ঝুঁকিতে পড়তে পারে।

এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তা সিএনএনকে বলেন, অপরাধী চক্রের বিরুদ্ধে সাইবার হামলার তদন্তে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, এনসিআইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ব্যবস্থাগুলোর একটি। দেশজুড়ে পুলিশ সদস্যরা পলাতক আসামি শনাক্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং পুলিশ ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য পেতে প্রতিদিন এই ব্যবস্থার ওপর নির্ভর করেন।

ওই কর্মকর্তা বলেন, হ্যাকাররা সংবেদনশীল তথ্য চুরি করেছে কি না, তা অবশ্যই উদ্বেগের বিষয়। তবে তার চেয়েও বড় আশঙ্কা, তারা তথ্যভান্ডারে থাকা তথ্য পাল্টে দিতে পেরেছে কি না। কারণ, পুলিশ সদস্যরা প্রতিদিন যেসব তথ্যের ওপর ভরসা করে কাজ করেন, সেগুলো ভুলচুক হলে পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষ—দুই পক্ষের নিরাপত্তাই হুমকিতে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রে একের পর এক বড় ধরনের সাইবার নিরাপত্তা সমস্যার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। সম্প্রতি দেশটির ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এবং কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা দেখা দেয়। এ পরিস্থিতিতে দেশের সাইবার নিরাপত্তা নিয়ে জনসাধারণের উদ্বেগ কমানোর চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এফবিআইয়ের পক্ষ থেকে সর্বশেষ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার হামলার বিষয়টি জানার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে হাজির হয়ে সংস্থাটির সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন।

কয়েক মাস আগে শুরু হওয়া ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়ে কথা বলেন প্যাটেল। হ্যাকারদের হাত থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কম্পিউটার ব্যবস্থা হালনাগাদ করার আহ্বান জানানো ছিল এই অভিযানের উদ্দেশ্য। তবে প্যাটেল এমনভাবে অভিযানটির কথা বলেন, মনে হয় যেন অভিযানটি এখনো চলছে। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বাড়াতে বর্তমান প্রশাসন বিভিন্ন ব্যবস্থা হালনাগাদ করেছে বলেও দাবি করেন তিনি।

প্যাটেল বলেন, ‘আগের প্রশাসনগুলোও এসব ব্যবস্থা হালনাগাদ করতে পারত, কিন্তু তারা তা করেনি। আমরা পরিস্থিতির চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করছি এবং যে সময় নষ্ট হয়েছে তা পুষিয়ে নিচ্ছি।’

এর আগেও হামলা

গত সেপ্টেম্বর মাসে ‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার দল এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে কর্মীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাডার একজন সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছে।

সিএনএন এর আগে জানিয়েছিল, শাইনি হান্টার্সের হামলার পর এফবিআইয়ের অনেক কর্মী বুঝতে পারছিলেন না, তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে কি না। তথ্য চুরির শিকার ব্যক্তিদের যে নিরাপত্তা সহায়তা দেয়া হচ্ছিল, তা নিয়েও অসন্তোষ ছিল তাদের।

এর আগে ২০২৩ সালে এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের একটি কম্পিউটার ব্যবস্থায় হামলা চালিয়েছিল হ্যাকাররা। শিশুদের যৌন নির্যাতনের ঘটনা তদন্তে ব্যবহৃত হতো ওই কম্পিউটার ব্যবস্থা। এর মধ্যে জেফরি এপস্টেইন তদন্তের সাথে সংশ্লিষ্ট ছবি সংরক্ষণের একটি ব্যবস্থাও ছিল। সিএনএন এর আগেও ওই হামলার খবর প্রকাশ করেছিল।