মোস্তফা, হত্যা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পিটিয়ে হত্যা, জুলেখা বেগম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত
ads

রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে মো: মোস্তফা (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীতে একটি ওয়ার্কশপের ভেতরে তাকে মারধর করা হয়।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন জুলেখা বেগম জানান, ‘তার ভাই দিনমজুর ছিলেন। যেখানে কাজ পেতেন, সেখানেই কাজ করতেন। বাড়ির পাশের একটি খালে মাছ চাষ করতেন মোস্তফা। এ নিয়ে পাশের বাসার মো: হোসেনের সাথে তাদের বিরোধ চলছিল।’

তিনি অভিযোগ করেন, ‘গতকাল রাত সাড়ে ৩টার দিকে মোস্তফাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীতে একটি ওয়ার্কশপের ভেতরে মো: হোসেন, ইউনুস, খানসহ অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজন মিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।’

জুলেখা বেগম জানান, ‘খবর পেয়ে তারা মোস্তফাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, তাদের বাসা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকার ১৩ নম্বর গলিতে। মোস্তফা মরহুম নেয়ামত আলীর ছেলে। তারা আট ভাই-বোন, মোস্তফা ছিলেন সবার মধ্যে সপ্তম।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’