
সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক খাতে সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দুটি মামলায় শ্রমিক ফেডারেশনের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজনকে রাজধানীর মিরপুর থেকে ও বাকি তিনজনকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সাভার ও আশুলিয়া থানায় ১৮টি মামলায় গ্রেফতার মোট ৯৬ জনের মধ্যে তারা অন্যতম।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে আশুলিয়া থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম (৩৭)।
এছাড়া, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির পল্লবী থানাধীন মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম (৫০) ও সাধারণ সম্পাদক মো: ইলিয়াসকে (৫১) গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পোশাক খাতের অস্থিরতায় পুলিশের সাতটি গাড়ি (শিল্প পুলিশের পাঁচটি ও জেলা পুলিশের দুটি) ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়। এসব ঘটনায় শিল্প ও জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হন। এছাড়া, গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় করা একটি মামলার তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের পরিকল্পিত হামলায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ নভেম্বর সকাল ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিক ও বহিরাগতসহ প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোক হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পুলিশের একটি পিকআপভ্যান ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে সাভার মডেল থানার ওসি গুরুতর আহত হন এবং ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য জখম হন।
এ ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির পল্লবী থানাধীন মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক ইলিয়াসকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাসাটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যের। গ্রেফতারদের বিরুদ্ধে কারখানা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও হুমকি দেয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, গত ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি পোশাক কারখানায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন বিক্ষোভকারী জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে কারখানার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে হামলাকারীরা কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপকের (জিএম) মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করেন এবং নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের মারধর করেন। এ সময় কারখানার ফটকে আগুন ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে ভেতর থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় করা মামলা সম্পৃক্ততার প্রমাণের ভিত্তিতে আরো তিনজন ফেডারেশন নেতাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, কোনো শ্রমিক সংগঠনের সদস্যপদ বা ন্যায্য মজুরির দাবিতে অংশগ্রহণের কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। কেবল সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে সহিংসতা, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ আরো জানায়, গ্রেফতার নেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করার অপচেষ্টা চালিয়েছেন। তারা সাধারণ শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে বা নীরব থাকতে চাপ ও হুমকি দিয়েছেন, সহিংসতা ছড়াতে অর্থায়ন করেছেন এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সাথে সমন্বয় করে কাজ করেছেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এরই মধ্যে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে ও এসব বিষয়ে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









