
নাটোরের নলডাঙ্গায় আবারও সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধামনপাড়া-কাঠুয়াগাড়ি গ্রামের পাকা সড়কের পাশে ফাঁকা জায়গা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা এ চুরির ঘটনা ঘটায়। উপজেলার ধামনপাড়া-কাঠুয়াগাড়ি গ্রামের মো: মোন্তাজ ডাক্তারের পুকুরপাড়ে সেচকাজে ব্যবহৃত পোলে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়।
এ বিষয়ে মোন্তাজ ডাক্তার বলেন, ‘সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমারটি ব্যবহার করা হতো। ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ায় অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে আমাদের এলাকায় এমন একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির কারণে কৃষিকাজ ব্যহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নলডাঙ্গায় বারবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো: মিনাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে নলডাঙ্গা নাটোর পল্লী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা ও থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযোগ করা হবে।’
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









