বিজিবি, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা
বিজিবি। ইন্টারনেট
ads

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাসমূহে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।