
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন; সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।’
স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।’
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ‘সর্বাধিক’ উল্লেখ করে রিজভী বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।’
নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে রিজভী বলেন, ‘পরাজিত শক্তি— যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে— তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে।’
সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যালির পথনির্দেশনা তুলে ধরে রিজভী জানান, ‘নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি বিজয়নগর হয়ে বাঁ দিকে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









