সরদার ফরিদ আহমদ
সরদার ফরিদ আহমদ। নয়া দিগন্ত
ads

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বড় সুযোগ পেয়েছিল। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে দলটি। মানুষের প্রত্যাশা ছিল, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, বিএনপি সরকার তার বাস্তবায়নে উদ্যোগী হবে; কিন্তু ক্ষমতায় আসার পর দলটির কিছু রাজনৈতিক সিদ্ধান্ত উল্টো ফল দিতে শুরু করেছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবী, সাংবাদিক এবং দলটির সুবিধাভোগী সফট পাওয়ারকে ব্যবহার করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনৈতিকভাবে কোণঠাসা করার যে কৌশল নেয়া হয়েছিল, তা এখন বিএনপির জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি সম্ভবত ভেবেছিল, আওয়ামী লীগের লোকজনকে নিজেদের বলয়ে নিয়ে আসতে পারলে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা যাবে; কিন্তু তারা একটি মৌলিক বিষয় বুঝতে ভুল করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের কেবল দল বদল করালেই তাদের রাজনৈতিক চরিত্র বদলে যায় না। ক্ষমতার সুবিধা নেয়া, প্রতিপক্ষকে দমন করা এবং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেটি ভিন্ন নামে আবার ফিরে আসতে পারে।
ইতালিয়ান দার্শনিক ও লেখক উমবার্তো একো তার বিখ্যাত প্রবন্ধ ‘উর-ফ্যাসিজম’-এ সতর্ক করে বলেছেন, ‘ফ্যাসিজম ইজ স্টিল অ্যারাউন্ড আস, সামটাইমস ইন প্লেইনক্লেথস।’ অর্থাৎ ফ্যাসিবাদ সবসময় পুরনো পোশাকে ফিরে আসে না। অনেক নতুন রাজনৈতিক ভাষা ও নতুন পরিচয়ে ফিরে আসার চেষ্টা করে। একোর আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ‘উর-ফ্যাসিজম ক্যান কাম ব্যাক আন্ডার দ্য মোস্ট ইনোসেন্ট অব ডিসগাইজেস।’ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হলে তার পুরনো চরিত্র এবং নতুন কৌশল দুটোই চিনতে হবে। ফ্যাসিবাদের চারটি বৈশিষ্ট্য গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন : ভিন্নমতকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের বয়ান তৈরি করা। নেতাকে জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করা। ভাষা ও প্রচারণার মাধ্যমে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করা।
ফ্যাসিবাদী রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য হলো, তারা নিজেদের অপরাধের দায় অস্বীকার করে। ইতিহাসকে নতুন করে লিখতে চায়। প্রচারণার মাধ্যমে অপরাধীকে নির্যাতিত এবং নির্যাতিতকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন স্ট্যানলি তার ‘হাউ ফ্যাসিজম ওয়ার্কস’ বইয়ে ফ্যাসিবাদী রাজনীতির অন্যতম উপাদান হিসেবে প্রচারণা, সত্যকে বিকৃত করা এবং আনুগত্যকে যুক্তির উপরে স্থান দেয়ার কথা বলেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী, ফ্যাসিবাদী রাজনীতিতে সত্যকে ভেঙে দেয়া হয়, যাতে শেষ পর্যন্ত যুক্তির পরিবর্তে অন্ধ আনুগত্য প্রতিষ্ঠিত হয়। 
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক আচরণ বিশ্লেষণ করলে এই প্রবণতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতায় থাকলে দলটি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের দমন করেছে। ক্ষমতা হারানোর পরও সহিংসতা ও ভয় দেখানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের রাজনৈতিক ইতিহাসে সন্ত্রাস ও প্রতিপক্ষ দমনের বহু নজির রয়েছে। ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্ষমতার বাইরে গেলে মহল্লাভিত্তিক সন্ত্রাস— এই দুই চেহারার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তাদের পক্ষে বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক ও টকশো আলোচকদের একটি অংশও দীর্ঘদিন ধরে রাজনৈতিক বয়ান তৈরিতে ভূমিকা রেখেছে। এরাও আসলে ফ্যাসিস্ট।
এর একটি বিপজ্জনক উদাহরণ পাওয়া যায় অন্তর্বর্তী সরকারের শেষ দিকে। আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত একজন টকশো আলোচক তখন বলেছিলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে গেলে তার বাড়িতে আক্রমণ হবে, গ্রামীণ ব্যাংকেও আক্রমণ হবে। দুর্ভাগ্যজনক হলো, এমন বক্তব্যের জন্য জবাবদিহি নিশ্চিত না করে বিএনপি সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিভিশনে কথা বলার সুযোগ করে দিয়েছে। রাজনৈতিকভাবে এটি ছিল আত্মঘাতী সিদ্ধান্ত।
ঘটনার ভয়াবহতা এখন সামনে আসছে। গ্রামীণ ব্যাংক বৃহস্পতিবার জানিয়েছে, গত ১০ থেকে ১৯ নভেম্বর— এই ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে মোট ৭২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। কয়েকটি শাখায় আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও সিসিটিভি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও শাখা কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে গেছে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধ, নাকি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার অংশ, তা নিরপেক্ষ তদন্তে বের করতে হবে। কিন্তু আগাম হুমকির পর এমন ঘটনা ঘটলে সেই হুমকিদাতাদের ভূমিকা তদন্তের বাইরে থাকতে পারে না।
একইভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি নিয়েও বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। ঢাকা পেপার্সের সম্পাদক আরিফুজ্জামান তুহিন দাবি করেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ কোনো সংগঠন নয়। দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ না, ছাত্রলীগও নিষিদ্ধ না। নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম। অর্থাৎ, দলটি তাদের কার্যক্রম চালাতে পারবে না। এ কাজটি ডক্টর মুহাম্মদ ইউনূস করেছিলেন। সে সময় চাপ ছিল লীগকে নিষিদ্ধ করা; কিন্তু ইউনূস বা তার কোনো উপদেষ্টার সাহস ছিল না নিষিদ্ধ করা।’
কিন্তু যাচাইয়ে দেখা গেছে, তার দাবি সঠিক নয়। ২০২৪ সালের অক্টোবরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধান অনুযায়ী আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ বিষয়ে পৃথক গেজেটও প্রকাশ করা হয়েছিল। সুতরাং আইন ও সরকারি প্রজ্ঞাপন সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির সুযোগ দেয়া যায় না।
আরেকটি ঘটনা বিএনপি সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতা সামনে এনেছে। এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার দাবি, রাতে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মধ্যরাত ১২.১৫ মিনিটে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়, ব্লাস্টের ধরন এবং প্রকার দেখে মনে হয়, এটি অবশ্যই পেট্রলবোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্তসাপেক্ষ। সে জন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না।’
কিন্তু সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি যেভাবে উপস্থাপন করেছেন, তা আরো প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধা পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ২০ মিটার দূরত্বে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। এই বাড়িতে কেউ থাকে না; দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।’
তিনি আরো বলেন, ‘এখানে যে কথাগুলো আসছে আগুন লাগানোর— আগুন লেগেছে, না লাগিয়েছে— এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে।’
আগুনের কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়াও কোনো সাক্ষীর নিকট হতে পেট্রলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে যেটা দেখা যায়, তাতে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটি ছবিতে দেখা যাচ্ছে এটি অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে।’
অথচ যাচাইয়ে দেখা গেছে, বাড়িতে কেউ থাকত না, শুধু ছাগলের ঘর পুড়েছে— এমন দাবি সত্য নয়। পাঁচটি কক্ষ আগুনে পুড়েছে এবং দু’টি ছাগল মারা গেছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিবেদনেও শর্ট সার্কিটের অনুমান সমর্থিত হয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে এমন বক্তব্য দেয়া দায়িত্বশীল আচরণ নয়।
এখানেই শেষ নয়। একজন জ্যেষ্ঠ সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘টোকাইদের ছাগলের ঘর পুড়ে যাওয়া নিয়ে এত নাটক, প্রোপাগান্ডা, হইচই— এমনকি সংসদ পর্যন্ত সরগরম! অথচ বিশ্ববাটপারের পরামর্শে ফ্যাসিস্টের দোসর খুঁজতে গিয়ে কত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে, কত মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে— তার হিসাব কি আছে সরকারের কাছে?’
এই বক্তব্যদাতা সেই ব্যক্তি, যিনি অতীতে প্রফেসর ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। প্রেস ক্লাবে বসে তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনাও অনেকের জানা। আবার ২০২১ সালের ১২ অক্টোবর নিজের ওয়েবসাইটে ‘২১ আগস্ট : কুখ্যাত অপরাধীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে লন্ডন’ শিরোনামের নিবন্ধে তিনি লিখেছিলেন, ‘দুর্ভাগ্যবশত এই ঘটনার ২১ আগস্ট গ্রেনেড হামলা অন্যতম মূলহোতা এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে ব্রিটেন এখন আশ্রয় দিয়েছে। দুঃখের সাথে বলতে হয় হচ্ছে, বিশ্বের অনেক কুখ্যাত খুনিদের জন্য লন্ডন এখন এক নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে।’
এমন রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের পরও বিএনপি সরকার কেন এ ধরনের ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, সেই প্রশ্নের উত্তর প্রয়োজন। যারা একসময় বিএনপির শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছেন, তারাই এখন সরকারের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলে দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক।
তবে ফ্যাসিবাদী বয়ান মোকাবেলার নামে সরকারকে বাকস্বাধীনতা সঙ্কুচিত করার সুযোগও দেয়া যাবে না। ফ্যাসিবাদের পক্ষে সংগঠিত মিথ্যাচার, সহিংসতায় উসকানি, অপরাধ আড়াল এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা— এসবের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে; কিন্তু সরকারের সমালোচনা, ভিন্নমত কিংবা রাজনৈতিক বিতর্ক চলবে। গণতন্ত্রের শক্তি এখানেই। অপরাধের বিচার হবে আইনে, আর মতপ্রকাশের অধিকার থাকবে সংবিধানের সুরক্ষায়।
বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন এখন জুলাই সনদ। অনেকে মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে বর্তমান সঙ্কটের অনেকটাই সমাধান হতো। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন— এটি কোনো ছোট বিষয় নয়। জনগণের এই রায়কে সম্মান জানানো বিএনপির রাজনৈতিক দায়িত্ব। সনদ বাস্তবায়ন নিয়ে দলটির অনীহা বা পিছিয়ে যাওয়ার প্রবণতা জনমনে প্রশ্ন তৈরি করছে। জাতীয় সরকার গঠিত হবে কি হবে না, সেটি আলাদা বিতর্ক। কিন্তু জাতীয় ঐকমত্যের ভিত্তি তৈরি করা এখন জরুরি। দেশের রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় জাতীয় সরকারের দাবি তাই ক্রমেই জোরালো হচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির চারটি মৌলিক ভিত্তি ছিল— ভারতের কাছে মাথা নত না করা, বাংলাদেশী জাতীয়তাবাদ, প্রো-বাংলাদেশী রাজনীতি এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি সম্মান। আওয়ামী লীগের সহিংস ও ভারতের ওপর নির্ভরশীল রাজনৈতিক অবস্থান সম্পর্কে বেগম খালেদা জিয়া বরাবরই কঠোর ছিলেন। তার একটি বিখ্যাত উক্তি, ‘সাপকে বিশ্বাস করা যায়; কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।’ বিএনপির বর্তমান নেতৃত্বের উচিত এই রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া।
সরকারের ভুল কৌশল ছিল, আওয়ামী লীগপন্থীদের ব্যবহার করে জামায়াত ও এনসিপিকে চাপে রাখা যাবে। বাস্তবে তা হয়নি। জামায়াত ও এনসিপি বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাদের সাথে রাজনৈতিক প্রতিযোগিতা হবে; কিন্তু তাদের শত্রু বিবেচনা করে আওয়ামী লীগের পুরনো শক্তিকে ব্যবহার করতে গেলে বিএনপি নিজেই বিপদে পড়বে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী দলের নেতাদের প্রতি তার তুচ্ছতাচ্ছিল্য, এস আলমের স্বার্থ রক্ষার অভিযোগ এবং ১৯৭২ সালের সংবিধান অপরিবর্তিত রাখার প্রতি অতিরিক্ত আগ্রহ সরকারের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কেবল বক্তব্য দেয়া নয়। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক সহিংসতা বন্ধ করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা। গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ এবং থানায় হামলার ঘটনা ঘটলে রাষ্ট্রের উপস্থিতি কোথায়— সেই প্রশ্ন উঠবেই।
বিএনপি সরকারকে বুঝতে হবে, বিপুল জনসমর্থন মানেই শক্তিশালী রাষ্ট্র পরিচালনার নিশ্চয়তা নয়। অহঙ্কার, দাম্ভিকতা ও ভুল রাজনৈতিক হিসাব শেষ পর্যন্ত ক্ষমতাকেই দুর্বল করে। ২০২৪ সালের আগস্টে এ দেশের মানুষ দেখেছে, জন-আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা কোথায় গিয়ে শেষ হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কোনো দলের একক সম্পত্তি নয়। এটি রাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক অঙ্গীকার। বিএনপি যদি সেই অঙ্গীকার থেকে সরে যায়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে বিচার ও জবাবদিহি নিশ্চিত না করে পুরনো শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেয়, তাহলে তার পরিণতি ভালো হবে না। বিএনপির সামনে এখন দু’টি পথ— জুলাইয়ের জনরায়কে সম্মান করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা, অথবা পুরনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পুনরাবৃত্তি করা। দ্বিতীয় পথের পরিণতি এ দেশের মানুষ ইতোমধ্যে দেখেছে। বিএনপি কি সেই একই ভুল করতে চায়? 
লেখক :  সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন