
লেবানন, মিয়ানমার ও দক্ষিণ সুদানের শিশুদের শিক্ষার জন্য পাঁচ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাতিসঙ্ঘের শিক্ষা তহবিল ‘এডুকেশন ক্যাননট ওয়েট’ (ইসিডব্লিউ)। এই তিন দেশের সঙ্কটকবলিত তিন লাখেরও বেশি শিশু এ সহায়তা পাবে।
শুক্রবার (২০ নভেম্বর) জেনেভায় এ ঘোষণা দেয়া হয়।
ইসিডব্লিউ-এর পরিচালক মায়সা জালবুত সাংবাদিকদের জানান, এই তহবিলের উদ্দেশ্য হলো শিশুদের আবারো স্কুলে ফিরিয়ে নেয়া, পড়াশোনায় পিছিয়ে পড়া ঘাটতি পূরণ এবং ভবিষ্যতে কোনো সঙ্কট দেখা দিলেও তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া।
শিক্ষার অধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সঙ্কটের কারণে ২৫ কোটি ৮০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হচ্ছে। সংঘাত, বন্যা ও বাস্তুচ্যুতির মতো ঘটনার কারণে প্রতিদিন তাদের এই অধিকার লঙ্ঘিত হচ্ছে।’
এই বিনিয়োগের মধ্যে লেবাননের প্রায় ৫৯ হাজার শিশুর জন্য এক কোটি ৩০ লাখ ডলার, মিয়ানমারের দেড় লাখেরও বেশি শিশুর জন্য এক কোটি ৬০ লাখ ডলার এবং দক্ষিণ সুদানের এক লাখেরও বেশি শিশুর জন্য দুই কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে।
জালবুত জানান, ভবিষ্যতের সম্ভাব্য সঙ্কট মোকাবেলার জন্যও এই কর্মসূচিগুলো প্রস্তুতি নেবে। নির্ধারিত আগাম সতর্কসংকেত পাওয়া মাত্রই ৫০ লাখ ডলারেরও বেশি অর্থ ছাড় করা হবে।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিটি নতুন সঙ্কটের পরেই বিশ্ব শিক্ষা খাতে অর্থায়ন করছে।’
জালবুত আরো জানান, জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক এক সম্মেলনে দাতারা ইসিডব্লিউর ৬০ কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণে সহায়তা করেছেন। তবে সঙ্কটকবলিত অন্যান্য দেশের শিশুদের সহায়তার জন্য আরো পাঁচ কোটি ৮০ লাখ ডলার প্রয়োজন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









