প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতিসঙ্ঘ মহাসচিব
প্রধানমন্ত্রী তারেক রহমানও তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সাথে ফটোসেশনে অংশ নেন ভিডিও থেকে নেওয়া

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) অংশ নিয়েছেন।

এর মধ্য দিয়ে জাতিসঙ্ঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক ও ব্যস্ত সফর সূচি শুরু হলো।

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসঙ্ঘ সদরদফতরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করেন।

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সাথে ফটোসেশনে অংশ নেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানও তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে নিয়ে সেই মঞ্চে ওঠে ফটোসেশনে অংশ নেন এবং অ্যান্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সাথে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সদরদফতরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন।

সফর সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসঙ্ঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন।

জাতিসঙ্ঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।

সূত্র : বাসস