
ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং আরো ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক দলের নেতা জসিম উদ্দিন ও বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে ও চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের মধ্যে জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)-এর নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
আহত ব্যক্তিদের কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাদের ওপর হামলা করা হয়।
তাদের অভিযোগ, শ্রমিক দল নেতা জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। কয়েকটি ফাঁকা গুলি ছোড়া ও শতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগও করেন তারা।
তাদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং আরো ১০টি ভাঙচুর করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দল নেতা জসিম উদ্দিন। তার পাল্টা দাবি, অস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক লোক উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।
জামশেদুর রহমান ফটিক সাংবাদিকদের জানান, তার অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি জেনেছেন, তার বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সাথে সংঘর্ষ হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে, বৃহস্পতিবার রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামের শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









