ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় (ইনসেটে)
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় (ইনসেটে)। সংগৃহীত
ads

বিদ্রোহী তৃণমূল শিবিরকে বড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতার (এলওপি) পদ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। 

শুক্রবার (২৭ নভেম্বর) দেয়া এ রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল তৃণমূল কংগ্রেস শিবিরের বড় জয় হলো।

বিচারপতি কৃষ্ণ রায়ের একক বেঞ্চ এ দিন শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদই বাতিল করেননি, বরং বিধানসভার স্পিকারের দেয়া বিধায়ক আখরুজ্জামানের চিফ হুইপ নিয়োগের আদেশও খারিজ করে দিয়েছেন।

আদালত স্পিকারের পূর্ববর্তী সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। একইসাথে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাবি পুনর্বিবেচনা করেন এবং আগামী ১০ দিনের মধ্যে বিরোধীদলীয় নেতার বিষয়ে নতুন আদেশ জারি করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। মূল দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করা সত্ত্বেও স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েছিলেন—এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতে গিয়েছিলেন তিনি।

আদালতের এ আদেশের প্রতিক্রিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এখনো তার শিবিরের পক্ষেই রয়েছেন। 

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘স্পিকার যখনই আমাদের ডাকবেন, আমরা আমাদের সমর্থনে থাকা সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়েই হাজির হব।’

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের একটি বিদ্রোহী অংশ দল ভেঙে আলাদা শিবির গঠন করেছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে