
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেয়ায় আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।’
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কেএএফসিও) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা আমার কাছে উপস্থাপন করে। পরবর্তী সময়ে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হলে কেএএফসিও-এর সিএসআর কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজকের এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।’
উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গ-প্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গ-প্রত্যঙ্গ সরবরাহ নয়; পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।’
তিনি আরো বলেন, ‘উপকারভোগীদের মধ্যে বিভিন্ন বয়স ও পেশার মানুষ রয়েছেন। তাদের কেউ শিক্ষার্থী, কেউ আবার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্কুটার বা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তাদের কর্মজীবনে ফিরে আসতে এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হবে।’
মন্ত্রী বলেন, ‘কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারো ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।’
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিও-এর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









