
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেছেন, ‘সঠিক পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টির মতো উৎপাদনশীল খাতে ব্যয় করা হলে পরনির্ভরশীল মানুষকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। এতে অসহায় মানুষ নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে অন্যকে সহযোগিতা করার সক্ষমতা অর্জন করবে।’
তিনি বলেন, ‘যাকাত শুধু দান বা আর্থিক সহায়তা নয়; এটি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ও মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। দারিদ্র্যমুক্ত, মানবিক ও স্বনির্ভর সমাজ গঠনে বিত্তবানদের যথাযথভাবে যাকাত প্রদান ও সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে সিলেট চেম্বার অডিটোরিয়ামে ‘জীবনের পরিবর্তন : পরনির্ভরশীলতা থেকে মর্যাদা ও স্বনির্ভরতার পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয়ভাবে ঢাকায় আসন্ন ১৫তম যাকাত ফেয়ার উপলক্ষে সিলেটে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের সভাপতিত্বে ও সিজেডএম-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি আলীমুল এহছান চৌধুরী।
যাকাত বিষয়ে বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মোহাম্মদ এহসান উদ্দিন। সিজেডএম-এর বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সিজেডএমের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো: জাকারিয়া হোসেন (অবসরপ্রাপ্ত)।
সিজেডএম-এর ব্যবস্থাপক ঈসা হাসানের অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সেমিনারে উপস্থিত ছিলেন সিজেডএম-এর প্রোগ্রাম ম্যানেজার মো: আফওয়াজুর রহমান জুহিন।
এছাড়া সেমিনারে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আলীমুল এহছান চৌধুরী বলেন, ‘যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব। এজন্য প্রবাসীদের মধ্যে যাকাত বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার দরিদ্র মানুষের কল্যাণে সিজেডএমের মাধ্যমে উদ্যোগ নিতে হবে।’
সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, ‘যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ হলেও এ বিষয়ে সমাজের অনেকের সচেতনতার অভাব রয়েছে। বিচ্ছিন্নভাবে নয়, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় যাকাত আদায় ও বণ্টন করা হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ও মর্যাদাপূর্ণ পরিবর্তন আসবে।’
সিজেডএম-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো: জাকারিয়া হোসেন (অবসরপ্রাপ্ত) বলেন, ‘সিজেডএম সুশৃঙ্খল ও স্বচ্ছ ব্যবস্থাপনায় যাকাত বণ্টনের মাধ্যমে দাতাদের সাথে গ্রহীতাদের আস্থার সম্পর্ক গড়ে তুলছে। অসহায় মানুষকে পরনির্ভরশীলতা থেকে বের করে মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর জীবন গড়ে তোলা এবং সামাজিক বৈষম্য দূর করাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক বলেন, ‘ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় উদ্যোগে দারিদ্র্য দূর করা সম্ভব।’
সিলেট অঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে সিজেডএমের উদ্যোগের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন থেকে যাকাতভিত্তিক নতুন নতুন উদ্যোগ গড়ে উঠবে।
সেমিনারে বক্তারা বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) একটি দরিদ্রবান্ধব সামাজিক প্রতিষ্ঠান। যাকাতের তাৎপর্য তুলে ধরা এবং শরিয়াহ ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে প্রাতিষ্ঠানিকভাবে বঞ্চিত মানুষের কল্যাণে যাকাত বিতরণ করাই সংস্থাটির মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকায়নসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও স্বনির্ভরতা অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সেমিনারে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, দারিদ্র্য বিমোচনে এর কার্যকর ভূমিকা ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তারা যাকাতের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরনির্ভরশীল মানুষকে মর্যাদাপূর্ণ জীবন ও স্বনির্ভরতার পথে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









