
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিদেশে অবস্থান করেও দেশকে অস্থিতিশীল ও রক্তাক্ত করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। তবে তারেক রহমানের দক্ষ নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লৌহজং কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশটি আয়োজন করা হয়।
নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কিন্তু তারেক রহমানের যোগ্য নেতৃত্বের জন্য সেটি আর করতে পারছে না।’
তিনি আরো উল্লেখ করেন যে, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে কর্মীদের সহিংসতা ও নাশকতায় উসকানি দেয়া হচ্ছে। পাশাপাশি ভারত থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
গোপালগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে রিজভী প্রশ্ন রাখেন, এসব ঘটনার নেপথ্যে কারা রয়েছে। তার ভাষায়, ‘শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের সরকার। আন্দোলনের নামে শেখ হাসিনা নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।’
অর্থ পাচার ও নেতৃত্বের তুলনা
বিগত শাসনামলের দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বড় বড় প্রকল্পের নামে লুটপাটের অর্থ দিয়ে নেতাকর্মীরা দিল্লি ও কানাডায় বাড়ি বানিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের অবস্থান ও নেতৃত্বের পার্থক্য তুলে ধরে রিজভী বলেন, ‘তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন। কিন্তু ফ্যাসিবাদীরা তারেক রহমানের এই নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান সহ্য করতে পারছে না। শেখ হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সাথে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।’
তিনি যোগ করেন, দেশজুড়ে নানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কাউকে গুলি করার নির্দেশ দেননি; কারণ সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না। বর্তমান নির্বাচিত সরকার দেশ ও বিদেশ থেকে অভিনন্দন পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র ও মুক্ত পরিবেশের দাবি
দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটিয়ে দেশত্যাগের ঘটনা স্মরণ করে রিজভী বলেন, এরপর থেকে দেশে পরিবর্তনের ধারা শুরু হয়েছে। মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং বিরোধী দলের নেতাকর্মীরা এখন নির্ভয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। আগে যে ‘ক্রসফায়ার’ বা ‘গুমের শিকার’ হওয়ার আতঙ্ক ছিল, তা কেটে গেছে বলে তিনি দাবি করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো এমপি।
এছাড়া জেলা বিএনপি নেতা আলী আজগর রিপন মল্লিক, এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, মেজর (অব.) মাসুদুর রহমান কাইউম ও বাদল হোসেন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। লৌহজং উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো: রাশেদ সমাবেশে সভাপতিত্ব করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









