
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের সময় একাধিক দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২১ থেকে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে এসব বৈঠক ও সৌজন্য সাক্ষাতের বেশ কয়েকটি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আরো কিছু বৈঠক সম্ভাব্য হিসেবে সফরসূচিতে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণাধীন রয়েছে। একই দিনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে সম্ভাব্য বৈঠকের কথাও সূচিতে উল্লেখ রয়েছে। তবে বৈঠকটির সময় উভয় পক্ষের সুবিধাজনক অন্য সময়ে পুনর্নির্ধারণ করা হতে পারে।
এরপর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথে সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠক এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ে ফিস-এমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকও সূচিতে রয়েছে।
দুপুরে জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সাথে বৈঠক এবং জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সাথে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। বিকেলে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথেও সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
২২ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
২৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে আন্তর্জাতিক দাতা ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে একটি প্রাতঃরাশ বৈঠক রাখা হয়েছে। সম্ভাব্য এই বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।
এরপর রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি উচ্চপর্যায়ের পার্শ্বঅনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ‘দি রোহিঙ্গা ক্রাইসিস: এ রিনিউড কল ফর এ ডিউরেবল সলিউশন ফ্রম প্রট্রেকটেড ডিপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি’ শীর্ষক এই আয়োজনে দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পাবে।
একই দিন রোমানিয়ার প্রধানমন্ত্রী আর্দেই প্লেনকোভির সাথেনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকের কথাও রয়েছে। বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে উপহার বিনিময়ের সম্ভাবনার কথা সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
জলবায়ু, ন্যায়সঙ্গত রূপান্তর ও বৈঠক
২৩ সেপ্টেম্বর বিকেলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দি জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত বলে সূচিতে উল্লেখ রয়েছে। তার বক্তব্যের সম্ভাব্য সময় বিকেল ৪টা।
এরপর নরওয়ের প্রেসিডেন্ট ড. জেন্ডা বেলসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরের পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক
২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবেলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে তিনি পাঁচ মিনিটের উদ্বোধনী বক্তব্য দেবেন।
এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে একটি নির্ধারিত বৈঠক এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুদিন চার্নভিরাকুলের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।
বিকেলে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে তার বক্তব্য দেয়ার সম্ভাব্য সময় রাখা হয়েছে। এরপর জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভায় অংশ নেয়ার কথা রয়েছে।
কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে বৈঠক
২৫ সেপ্টেম্বরের কর্মসূচির শুরুতে জেপিমরগান আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সাথে নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠক হবে।
একই দিনে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল-হুসেইনের সাথে সম্ভাব্য মধ্যাহ্নভোজ বৈঠকের কর্মসূচি রয়েছে। এতে আন্তর্জাতিক পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা ও ঝুঁকি নিয়ে আলোচনা হওয়ার কথা। পরে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।







