ভারত, শ্রীলঙ্কা, ভারত বনাম শ্রীলঙ্কা, ফাইনাল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, বৈভব সূর্যবংশী, দোহা, সেমিফাইনাল, লাসিথ ক্রুসপুল্লে, সিনেথ জয়াবর্ধন, সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টারস, শাহবাজ আহমেদ, তানুশ কোটিয়ান, নিশান মাদুশকা, পাভান রত্ননায়েকে, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ বনাম পাকিস্তান
ক্রিজে শ্রীলঙ্কান ব্যাটাররা। সংগৃহীত
ads

তিন শতাধিক রানের বড় সংগ্রহ গড়েও শেষ রক্ষা হলো না ভারতের। ব্যাট হাতে অভিষেক শর্মা, তিলক ভার্মা ও বৈভব সূর্যবংশীদের দাপটের পরও শ্রীলঙ্কা ‘এ’ দলের দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তাই পেল না ভারত ‘এ’। 

দোহায় প্রথম সেমিফাইনালে লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের জোড়া সেঞ্চুরিতে ভারতকে হারিয়েছে তারা। ৮ উইকেটের বিশাল জয় নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে ভারত ‘এ’। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। ৬৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। 

অধিনায়ক তিলক ভার্মা ৬৬ বলে করেন ৫৩ রান। শেষ দিকে শাহবাজ আহমেদের ৪৮ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। বৈভব সূর্যবংশী ২৭ বলে ৪০ ও তানুশ কোটিয়ান করেন ২৮ রান।

জবাবে ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার। লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের ব্যাটিংয়ে ম্যাচ থেকে দ্রুতই ছিটকে পড়ে ভারত। উদ্বোধনী জুটিতে মাত্র ২২ ওভারে ১৭৪ রান যোগ করেন তারা।

৭০ বলে ১০টি চার ও ছক্কায় ১০৫ রান করে জয়াবর্ধনে ফিরলেও থামেনি লঙ্কানদের দাপট। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয়ের ভিত আরো মজবুত করেন ক্রুসপুল্লে। ১০৭ বলে ১২টি চার ও তিন ছক্কায় তার ব্যাট থেকে আসে ১১৬ রান।

দুই ওপেনারের বিদায়ের পর বাকি কাজটুকু সারেন নিশান মাদুশকা ও অধিনায়ক পাভান রত্ননায়েকে। মাদুশকা ৫৬ বলে অপরাজিত ৫৮ ও রত্ননায়েকে মাত্র ১৬ বলে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে তাদের ৩৭ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

৮ উইকেটের এই জয়ে ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা ‘এ’। অন্যদিকে ৩১৭ রান করেও শেষ চারে থামতে হলো তারকাসমৃদ্ধ ভারতীয় দলকে।

ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’-এর প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ শুক্রবার বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল থেকে।