
যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে-তে দিবসে বিদ্যুৎ বিপর্যয় ও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের ফলে আট লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। একইসাথে চার শতাধিক ফ্লাইট বাতিল এবং দুই হাজার ২০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্য। সেখানে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন দেড় লাখের বেশি গ্রাহক।
এছাড়া মেরিল্যান্ড ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও বিপুলসংখ্যক পরিবার বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল ব্যবস্থাও ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এখন পর্যন্ত ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া দুই হাজার ২০০টিরও বেশি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে।
এদিকে নিউ জার্সি, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে বড় ধরনের বন্যার সতর্কতা জারি করেছে।
অন্যদিকে, স্যান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া ও ওরেগনজুড়ে সমুদ্রসৈকত এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে উদযাপিত হয়। এদিন পরিবার ও স্বজনদের সাথে সময় কাটাতে বিপুলসংখ্যক মানুষ ভ্রমণ করেন। ফলে বিদ্যুৎ বিপর্যয় ও ফ্লাইট চলাচলে বিঘ্ন জনদুর্ভোগ আরো বাড়িয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









