
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ আরো তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লা থানা এলাকার ভূঁইগড় ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারসংলগ্ন সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকায় আব্দুল মতিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ছিলেন ও নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো: আবু হানিফ (৫৪) এবং পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আকরাম হোসেন। এ সময় সাইনবোর্ড থেকে ভূঁইগড়ের দিকে একটি পুরোনো ট্রাক বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন, দোকানপাট ও দুটি ভ্যানগাড়িতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আকরাম মারা যান। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ আরো তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার নৈশকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ট্রাকের চাকার নিচ থেকে আকরামের লাশ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের সাহায্যে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









