ডেঙ্গু, নাহিদ রানা, আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি, ইনজুরি, হাসান মাহমুদ, অস্ট্রেলিয়া, বিসিবি, বিসিবি মেডিক্যাল বিভাগ, টেস্ট, সেঞ্চুরিয়ন টেস্ট, ইংল্যান্ড, ভারত
বাঁয়ে নাহিদ রানা ও ডানে হাসান মাহমুদ। সংগৃহীত
ads

দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। চোট কাটিয়ে বোলিংয়েও ফিরেছিলেন বাংলাদেশের এই গতিময় পেসার। কিন্তু মাঠে ফেরার আগেই বাধা হয়ে দাঁড়াল ডেঙ্গু। 

ডেঙ্গুর কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ২৪ বছর বয়সী এই পেসার। একই সময়ে চোটের কারণে দীর্ঘ বিরতিতে যেতে হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকেও।

গত জুন থেকে সাইড স্ট্রেইন ও হিপ জয়েন্টের ব্যথায় মাঠের বাইরে নাহিদ। পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থানকালে পুরোদমে বোলিং শুরু করেছিলেন তিনি। পেয়েছিলেন বিসিবির মেডিক্যাল বিভাগের ছাড়পত্রও। 

তবে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তার। তবে পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলাকালেই নাহিদকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর। 

সেখানেই ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেকে প্রস্তুত করার সুযোগ পেতেন তিনি। সে অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত বোলিংয়ের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও দেয়া হয়েছিল তাকে। 

কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি এই পেসার। পরে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল আসে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ।

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আপাতত এক থেকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাহিদকে। এ সময়ে বোলিং অনুশীলনের সুযোগ নেই। ফলে ডেঙ্গু থেকে সেরে ওঠার পাশাপাশি আগের চোটের ধকল কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পেতেও বাড়তি সময় লাগতে পারে তার।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই ছিটকে যান হাসান মাহমুদ। টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। দেশে ফিরে আসা এই পেসারকে অন্তত এক থেকে দেড় মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ।

কনুইয়ের চোটের পাশাপাশি টানা ম্যাচ খেলার ধকল ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে। বিশ্রামের সময় আরো বাড়তে পারে বলেও শঙ্কা রয়েছে।

তবে আপাতত বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের আর কোনো গুরুত্বপূর্ণ সূচি নেই। জানুয়ারিতে ভারতের বাংলাদেশ সফর না হওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত। 

আর ওই সময়ে বিকল্প কোনো সিরিজও এখনো খুঁজে পায়নি বিসিবি। ফলে দুই পেসারকে সুস্থ করে ফেরানোর জন্য হাতে কিছুটা সময় পাচ্ছে বাংলাদেশ।