ব্রাজিল, বিশ্বকাপ, বিশ্বচ্যাম্পিয়ন, পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো, নেইমার, রোনালদো নাজারিও, ইউরোপীয় ফুটবল, আর্জেন্টিনা
ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। সংগৃহীত
ads

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একসময় তাদের ফুটবল মানেই ছিল শৈল্পিক সৌন্দর্য, দুর্দান্ত ড্রিবলিং আর চোখধাঁধানো সব গোল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে নেইমার—প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলের ফুটবল মুগ্ধ করেছে বিশ্বকে। 

তবে সেই চিরচেনা ব্রাজিলকে এখন আর খুঁজে পাচ্ছেন না দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, বর্তমান দলটির বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য নেই।

ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় শক্তি ছিল সহজাত প্রতিভা ও সৃজনশীলতা। ইউরোপীয় ফুটবলের শারীরিক শক্তি ও কৌশলনির্ভরতার বিপরীতে নিজেদের দক্ষতা, গতি আর নান্দনিক ফুটবল দিয়ে আলাদা পরিচয় গড়ে তুলেছিল সেলেসাওরা। 

১৯৫৮ থেকে ২০০২ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ জয়ের পেছনেও বড় ভূমিকা ছিল এই স্বকীয়তার। কিন্তু সময়ের সাথে ব্রাজিল নিজেদের সেই ফুটবলীয় পরিচয় থেকে সরে এসেছে বলে মনে করেন রোনালদো।

তার মতে, ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে নিজেদের সহজাত প্রতিভার ওপর আস্থা হারাচ্ছে ব্রাজিল। অথচ একসময় প্রতিপক্ষকে নিজেদের খেলার ধরন দিয়েই চাপে ফেলতে পারত তারা।

এখন ইউরোপের দলগুলোর শারীরিক সক্ষমতা, গতি ও সংগঠিত ফুটবলের সাথে পাল্লা দিতে গিয়ে নিজেদের বৈশিষ্ট্যই হারিয়ে ফেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরো শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’

শুধু খেলার ধরন নয়, দলীয় ঐক্যের অভাবও ব্রাজিলের বড় দুর্বলতা বলে মনে করেন সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা। ব্যক্তিগত প্রতিভার বিচারে দলে এখনো বিশ্বমানের ফুটবলার আছেন। 

কিন্তু তাদের একসাথে দল হিসেবে জ্বলে ওঠার জায়গাটিতেই ঘাটতি দেখছেন তিনি। এক্ষেত্রে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় সংহতিকেও উদাহরণ হিসেবে দেখছেন রোনালদো।

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তার মূল্যায়ন বেশ কঠোর। রোনালদোর ভাষায়, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়, কিন্তু আর শিরোপার দেখা পায়নি তারা। আগামী ২০৩০ বিশ্বকাপের আগে তাই দলটির সামনে বড় চ্যালেঞ্জ নিজেদের সামর্থ্য ফিরে পাওয়া। 

ইউরোপীয় ফুটবলের শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলার সাথে নিজেদের সহজাত প্রতিভার সমন্বয় ঘটাতে না পারলে বিশ্বকাপের শিরোপা অধরাই থেকে যেতে পারে সেলেসাওদের।