
গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে। জনগণ পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা নব্য ফ্যাসিবাদ কায়েম হোক—কোনোটিই চায় না।’
তিনি অভিযোগ করেছেন, ‘জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।’
শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এদিন সকাল ৯টায় তার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অধিবেশন পরিচালনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনের পর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, তা বিবেচনার দাবি রাখে। তরুণ ও যুবকদের ত্যাগের বিনিময়ে জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে। দীর্ঘ সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে। জামায়াতের শীর্ষ ১১ নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে বলে দাবি করেন তিনি।’ কেউ কেউ কারাগারে অযত্ন ও বিনা চিকিৎসায় মারা গেছেন। নেতাকর্মীদের বাড়ি-ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া, চাকরি কেড়ে নেয়া, ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস, গুম ও খুনের অভিযোগও করেন তিনি।
তিনি বলেন, ‘জামায়াতের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল এবং বেআইনিভাবে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে জামায়াতকে নিষিদ্ধের চার দিনের মাথায় নিষিদ্ধকারীদের দেশ থেকে বিদায় নিতে হয়েছিল। শুধু জামায়াত নয়, আরো অনেক রাজনৈতিক দল ও নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাদের ও জামায়াতের বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর তারা কীভাবে জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করল এবং অবস্থান বদলাল, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে—বাংলাদেশ আদৌ বসবাসের জন্য নিরাপদ হবে কি না।’
জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত মানার দাবি জানিয়ে বলেন, ‘কোনো কিছুর বিনিময়ে তারা অবস্থান পরিবর্তন করবেন না। সরকারকে সমস্যা সমাধানের আহবান জানিয়ে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
বর্তমান সরকার স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটি জাতির সাথে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তাতে আদালত হাত দিতে পারবে না; কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে।’
স্থানীয় সরকারব্যবস্থা দলীয় লোক ও ক্যাডারদের দ্বারা দখল করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর তারা জাতিকে স্বস্তিদায়ক জায়গায় নিতে চেয়েছিলেন। কিন্তু অতীতের নোংরা রাজনীতিতে ফিরে না যাওয়ার অঙ্গীকার রক্ষা করা হচ্ছে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ করে জামায়াতের আমির বলেন, ‘সরকারি দলের কর্মীরা নিজেদের মধ্যে হত্যাকাণ্ডে জড়াচ্ছেন। নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদ নয়। সারাদেশে মাদকের বিস্তার ও অস্ত্রের ঝনঝনানি বেড়েছে। স্কুলের গেট ও ভেতরে মাদক বিক্রি হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি হওয়া একটি জেলায় জনগণের জানমালের নিরাপত্তায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর চেষ্টা দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা উল্লেখ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। এসব নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই।’
প্রধানমন্ত্রীর ঐক্যের আহবানে সাড়া দেয়ার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা আলোচনায় বসবেন, তবে জনগণের দাবি নিয়ে; নিজেদের দলের দাবি নিয়ে নয়।’
পোশাকশিল্পে অস্থিরতা ও গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের পাশাপাশি শিল্পে নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’
মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘একটি বাহিনী একা সব করতে পারে না।’ সীমান্তে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা জনগণ ও বিজিবি যৌথভাবে প্রতিহত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
কোনো দেশের সাথে চুক্তি হলে তা সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘এ ধরনের চুক্তি শুধু সরকারের সাথে নয়, জাতির ভাগ্যের সাথে জড়িত। কী দেয়া হয়েছে আর কী পাওয়া যাচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।’
জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘দেশ গড়ায় যুবসমাজকে সম্পৃক্ত করতে চান তারা। যুবসমাজের প্রত্যাশা পূরণে জামায়াত অঙ্গীকারবদ্ধ। একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।’
অধিবেশনে জামায়াতের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









